দ্য ওয়াল ব্যুরো: অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম বিনীতা মুখোপাধ্যায় (৬২)। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের রসা রোডের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে ওই প্রৌঢ়া দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন, নাকি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গেছে, প্রৌঢ়া বাড়িতে একাই থাকতেন। তাঁর ছেলে সস্ত্রীক লখনউতে থাকেন। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই ভারী কিছু পড়ার শব্দ পান প্রতিবেশীরা। বেরিয়ে এসে দেখেন ওই বাড়ির সামনের রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রৌঢ়া। সঙ্গে সঙ্গে গল্ফগ্রিন থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে ছেলে ও পুত্রবধূকে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বিষয়টি দূর্ঘটনা নাকি, আত্মহত্যা তা দেখা হচ্ছে। ওই প্রৌঢ়া অবসাদগ্রস্ত ছিলেন কিনা, ছেলে-পুত্রবধূর সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।