
শেষ আপডেট: 17 October 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: পুজোর মুখে ফের দু:সাহসিক ডাকাতি। পুরুলিয়া, রাণাঘাটের, দক্ষিণ ২৪ পরগণার পর এবার উত্তর ২৪ পরগণা। এবার সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে দোকান থেকে লক্ষাধিক টাকার গয়না লুট করে চম্পট দেয় ডাকাতের দল। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে আমডাঙার দ্বারিয়াপুর হাটখোলায়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বারিয়াপুরের কাছে উদ্দিন জুয়েলার্সে হামলা চালায় ৬-৭ জন দুষ্কৃতী। দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে ডাকাত দল। সেইসময়ে ডিউটিতে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। লুটপাটে বাধা দেওয়ায় তাঁকে দুষ্কৃতীরা প্রথমে মারধর করে এবং পরে দোকানের সামনেই বেঁধে রাখে। তারপর দোকানের ভিতর চলে অবাধ লুটপাট। শেষে সিভিক ভলান্টিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটিতে আমডাঙার দারিয়াপুর বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দোকানটির মালিক জানিয়েছেন, প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়ে গিয়েছে ডাকাতরা। খোয়া গিয়েছে নগদ টাকাও। সোনার দোকানের ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলের। তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রাত দুটো নাগাদ ডাকাত দলের হামলা চালিয়েছিল। লুটপাটে বাধা দেওয়ায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে গামছা দিয়ে মুখ, হাত-পা বেঁধে মারধর করা হয়। ভোরের আলো ফুটতেই বিষয়টি নজরে পড়ে পথচলতি মানুষের। আহত সিভিক হাসপাতালে চিকিৎসাধীন।
৫০-৬০ বছরের পুরনো এই দারিয়াপুর বাজারে এই প্রথম এমন ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিতে এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী মহল। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে প্রথমে রাণাঘাট ও পুরুলিয়া, তারপর সোনারপুরের পর এবার ডাকাতির ঘটনা সামনে এসেছে উত্তর ২৪ পরগণায়। একের পর এক সোনার দোকানে লুটপাটের ঘটনায় পুলিশি নিরাপত্তা প্রশ্ন দেখা দিয়েছে।