
শেষ আপডেট: 12 January 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো: নূপুর শর্মার (Nupur Sharma) কথা মনে পড়ে?
গত বছর বিজেপির এই মুখপাত্র একটি টেলিভিশন বিতর্কে মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপর অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সারা দেশে। বাংলাতেও গ্রামীণ হাওড়া, মালদহ, মুর্শিদাবাদে একাধিক ঘটনা ঘটেছিল। এবার সেই নূপুরই বন্দুক রাখার লাইসেন্স (Gun License) পেলেন।
দিল্লি পুলিশের কাছে বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র আর্জি জানিয়েছিলেন, তাঁকে বন্দুক রাখার লাইসেন্স দেওয়া হোক। কারণ, নিয়মিত তিনি জীবনহানির হুমকি পাচ্ছেন। আত্মরক্ষার স্বার্থেই দিল্লি পুলিশ নূপুর শর্মাকে এই অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার।
নূপুর এর আগেও হুমকি পেয়েছিলেন। তা জানাতে তিনি যখন সুপ্রিম কোর্টে যান তখন দেশের শীর্ষ আদালত বলেছিল, নূপুরের আলটপকা মন্তব্যের জন্যই দেশ জ্বলছে।
তারপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভের তীব্রতা কমেছে। কিন্তু নূপুরকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে খবর। তা ছাড়া রাজস্থান ও মধ্যপ্রদেশে দুই নূপুর সমর্থকের খুনের ঘটনা সাসপেন্ডেড বিজেপি মুখপাত্রর নিরাপত্তার বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তোলে। এবার সেই তিনি বন্দুক রাখার অনুমতি পেলেন।
প্রসঙ্গত, নূপুরের বিরুদ্ধে একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছিল। কিন্তু কোথাও যাননি তিনি। কলকাতাতেও এফআইআর হয়েছিল নূপুরের বিরুদ্ধে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নূপুর শর্মার নিরাপত্তার কারণেই তাঁর আর্জি খতিয়ে দেখার পর বন্দুক রাখার অনুমতি দেওয়া হয়েছে।