
শেষ আপডেট: 2 November 2023 13:15
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বাসি ভোগ খেয়ে এক শিশু ও বৃদ্ধের মৃত্যুর পরে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পর পর তিনজনের মৃত্যু হওয়ায় উদ্বেগ বাড়ছে জেলা প্রশাসনের অন্দরে।
বুধবার রাতে বাসি খিচুড়ি কাণ্ডে আরও একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে বিজেপি। তাতে নেতৃত্ব দেন ধ্রুব সাহা।
ধ্রুব সাহা বলেন, ''খুবই ভয়ঙ্কর ঘটনা। রাজনগর স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর চিকিৎসা হচ্ছিল সেখানে সে মারা যায়। এরপর বিষয়টা যাতে সামনে না আসে তাই শিশুটির ময়নাতদন্ত না করে দাফনের চেষ্টা হয়েছিল। কিন্তু পরে গ্রামবাসীদের চাপে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।''
গ্রামের একটি ঘটনায় এভাবে রাজনীতির রঙ লেগে যাওয়ায় অসুস্থদের চিকিৎসা নিয়ে চাপ বাড়ছে প্রশাসনের উপর। বৃহস্পতিবার সকাল হতেই সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসেন জেলাশাসক বিধান রায়। সঙ্গে ছিলেন এমওএইচ হিমাদ্রি আড়ি । ওয়ার্ডে গিয়ে তাঁরা রোগীদের পরিস্থিতি খতিয়ে দেখেন। চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানিয়েছেন, রাজনগরের মালিপাড়ায় ১০ বছর ধরে একটি দুর্গাপুজো হয়। বিসর্জনের পরে সেখানে লক্ষ্মীপুজোও হয়ে আসছে। লক্ষ্মীপুজোর দিন পাতপেড়ে ভোগ খাওয়ানো হয় সেখানে। খিচুড়ি, পায়েস, টক সবজি খাওয়ানো হয়েছিল এবছরও। সেই খাবার কিছুটা বেঁচে যাওয়ায় অনেকে বাড়ি নিয়ে গিয়েছিল। বাসি সেই ভোগ খেয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েন।
জেলাশাসক বলেন, ''এখন হাসপাতালের পুরুষ বিভাগের ৬ জন ভর্তি রয়েছেন, মহিলা বিভাগে রয়েছে ১০ জন। খুব দুভার্গ্যজনকভাবে তিনজনের মৃত্যু হয়েছে। কিন্তু বাসি ভোগ খেয়ে এই তিনজনের মৃত্যু হয়েছে কি না সেবিষয় ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে আর মৃত্যু যাতে না ঘটে তার জন্য আমরা রোগীদের আইসিসিইউতে রাখার ব্যবস্থা করছি।''