
শেষ আপডেট: 17 November 2023 19:59
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর মাসে হতে চলেছে ইউজিসি নেট পরীক্ষা। সেই পরীক্ষার দিনক্ষণ বিশদে প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি বছরের ইউজিসি নেটের ডিসেম্বর সেশনের পরীক্ষা। পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইটে নেট পরীক্ষার রুটিন দেখতে পাবেন।
রুটিন অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর দুই শিফটে ইংরেজি ও ইতিহাস পরীক্ষা হবে। এরপর ৭ ডিসেম্বর প্রথম শিফটে হবে কমার্স বিষয়ের পরীক্ষা। ওইদিনই দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশনের পরীক্ষা নেওয়া হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও দর্শনের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে আগামী ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর প্রথম শিফটে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ও হিন্দি পরীক্ষা হবে দ্বিতীয় শিফটে। ১২ ডিসেম্বর ভূগোল, সমাজবিজ্ঞান ও মাস কমিউনিকেশনের পরীক্ষা নেওয়া হবে।
এনটিএ-র তরফে জানানো হয়েছে, ৬ থেকে ২২ ডিসেম্বেরর মধ্যে সমস্ত লিখিত পরীক্ষাগুলি নেওয়া হবে। প্রথম শিফটের সময় সকাল ন’টা থেকে বারোটা। দ্বিতীয় শিফট দুপুর তিনটে থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চলবে। যদিও এখনও পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত কোনও নোটিস প্রকাশ করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার দশদিন আগে সেই সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে এনটিএ সূত্রের খবর।
পরীক্ষার্থীরা সমস্ত পরীক্ষার বিস্তারিত দিনক্ষণ ugcnet.nta.ac.in এই ওয়েবসাইটে দেখতে পাবেন। আগামী বছরের ১০ জানুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এই বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য পরীক্ষার্থীরা ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও মেল করার সুবিধা রয়েছে ugcnet@nta.ac.in এই মেল অ্যাড্রেসে।