
শেষ আপডেট: 13 May 2023 11:31
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে আর পাঁচটা দিনের মতোই কাটছিল দিনটা। রোগীদের দেখাশোনা করা, সময়মতো ওষুধ খাওয়ানো, খাবার দেওয়া, ডাক্তারবাবুদের সাহায্য করা ইত্যাদি। কিন্তু বেলা বাড়তেই আর ৫টা সাধারণ দিনের চেয়ে একটু আলাদা হয়ে গিয়েছিল এই বিশেষ দিনটা। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এদিন হাসপাতালে ভর্তি রোগীদের রক্তদান করলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা (NRS hospital nursed donated blood)।
গতকাল, অর্থাৎ ১২ মে ছিল নার্স দিবস (Nurse Day)। দৈনন্দিন রোগীদের খেয়াল রাখার পাশাপাশি এই দিনটায় বিশেষ কিছু করবেন বলেই ঠিক করেছিলেন এনআরএস হাসপাতালের সেবিকারা। সকালে প্রথমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হয় দিন। তারপর দিনে ডিউটি সারতে যে যার ওয়ার্ডে চলে যান। কিন্তু তার ফাঁকেই হাসপাতালে আয়োজিত রক্তদান (Blood donation) শিবিরে রোগীদের জন্য রক্ত দান করেন বেশ কয়েকজন নার্স। তাঁদের দেখে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন হাসপাতালের কয়েকজন চিকিৎসকও। তাঁরাও সরকারি হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের জন্য রক্ত দান করেন।
সূত্রের খবর, এদিন প্রায় ৩০০ ইউনিট রক্ত জোগাড় করা গেছে। 'এটা হাসপাতালে নার্সদের একটা দারুন উদ্যোগ। গত দু-তিন মাসে এই নিয়ে আমাদের হাসপাতালে এটা তৃতীয় রক্তদান শিবিরের আয়োজন করা হল,' জানিয়েছেন নীলরতন সরকার হাসপাতালের প্রিন্সিপাল পীতবরণ চক্রবর্তী।
হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণত রক্তদান শিবিরগুলিতে পুরুষদেরকেই রক্তদান করতে এগিয়ে আসতে বেশি দেখা যায়। তবে শুক্রবারের ঘটনা ছিল আলাদা। সেদিন মূলত নার্সরাই এগিয়ে এসেছিলেন রোগীদের স্বার্থে রক্ত দিতে। এখনও পর্যন্ত যা রক্ত সংগ্রহ করা হয়েছে তা হাসপাতালে ব্লাড ব্যাংকে রাখা হয়েছে। রোগীদের জন্য প্রয়োজনমতো তা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
জমি বিবাদের জেরে মহিলাকে খুনের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে! দেহ আটকে বিক্ষোভ