
শেষ আপডেট: 6 September 2023 06:03
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির (Dengue Fever) প্রকোপ বাড়ছে রাজ্যে। একের পর এক সংক্রমণ ধরা পড়ছে। ডেঙ্গিতে মৃত্যুও বাড়ছে। মঙ্গলবারই বনগাঁ মহকুমায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক তরুণীর। এদিন খবর এসেছে চন্দননগরের এক যুবকেরও মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।
হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, ভাইরাল জ্বরের মধ্যেই ডেঙ্গি প্রকোপ বাড়ছে। জ্বর তিনদিনের মধ্যে না কমলে ডেঙ্গির পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, হাইব্রিড সিসিইউ খোলার চেষ্টা চলছে জেলায়। স্বাস্থ্যকর্মীদেরও তৎপর থাকতে বলা হয়েছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে।
আরও পড়ুন: সপ্তাহে ৭টি বড় অপারেশন, আউটডোরে হাজার দুয়েক রোগী দেখতেই হবে ডাক্তারকে, নির্দেশ রাজ্যের
রোজই জ্বর-ডেঙ্গি নিয়ে মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেঙ্গিতে জটিল রোগ দেখা না দিলেও সংক্রমণ বেড়েছে। গত জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৬৯। মাত্র এক মাসে সেটি বেড়ে হয়েছে ১৩ হাজার। শুধু অগস্ট মাসেই রাজ্যে ১০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতাতেও সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ল্যান্সডাউন রোডের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ডেঙ্গি থেকে বাঁচতে প্রচার চালাচ্ছে কলকাতা পুরসভা। মশার উৎপাত কমাতে ভিয়েতনামি মশারি বিলি করা শুরু করছে পুরসভা। কীটনাশক লাগানো এই মশারির গায়ে বসলেই মশা মরবে বলে দাবি পুর আধিকারিকদের। তাছাড়া বাড়িঘরের আশপাশ পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়ার কথাও বার বার বলা হচ্ছে।