
শেষ আপডেট: 12 January 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মেয়ের প্রেমে বাধা দিয়েছিলেন। তাই প্রথমে ছুরি (Knife) দিয়ে আঘাত করে ও পরে পুড়িয়ে মারার চেষ্টা হল এক মহিলাকে। অভিযুক্ত যুবককে গ্রেফতার (arrested) করল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘুটিয়ারি শরিফে (Ghutiari Sharif)।
পুলিশ জানিয়েছে, স্থানীয় এক যুবকের সাথে প্রেম চলছিল নবম শ্রেণির ছাত্রীর। ঘটনা জানতে পেরে ওই নাবালিকা ছাত্রীর মা বাধা দেয়। অভিযোগ এরপরেই প্রেমিক যুবক প্রেমিকার মাকে খুন করার পরিকল্পনা করে। মঙ্গলবার রাতে ওই নাবালিকা এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সেই সময় তার বাড়ির দরজা খোলা ছিল। বাড়িতে ছিলেন ওই নাবালিকার মা ও অসুস্থ বাবা। অভিযোগ সুযোগ বুঝে রাতের অন্ধকারে ওই যুবক নাবালিকার বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে দেয়। এরপর আচমকা ওই নাবালিকার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে সেই মুহূর্তে পালিয়ে যায় ওই যুবক।
রক্তাক্ত অবস্থায় নাবালিকার মাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান বাসিন্দারা। অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত যুবককে বুধবার রাতেই গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ছুরিও উদ্ধার হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।
মমতাকে হাজিরা দিতে হবে না এখনই, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় স্বস্তি মুখ্যমন্ত্রীর