দ্য ওয়াল ব্যুরো: আবার ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র করলে ফল যে মোটেও ভালো হবে না সেটা বেশ কড়া ভাবেই পাকিস্তানকে বুঝিয়ে দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। পাকিস্তানের দিক থেকে কোনও রকম আগ্রাসনের চেষ্টা হলে জবাব মিলবে একেবারে মুখের উপর। স্থলপথে, জলপথে, আকাশপথে যে দিক দিয়েই হামলা হোক না কেন, সেনাপ্রধানের কথায়, ‘‘এ বার আসুক ওরা, মেরে নাক ফাটিয়ে দেবো।’’
কার্গিল দিবসের ২০ বছর উদযাপন করছে ভারতীয় সেনা। ১৯৯৯ সালের সেই যুদ্ধে ভারতীয় জওয়ানদের রক্তে ভিজেছিল দেশ। তবে তিন মাসের মধ্যে মুশকো, দ্রাস, কাকসার, বাতালিক সেক্টর, কার্গিল সেক্টর থেকে পাক হানাদারদের তাড়িয়ে ছেড়েছিলেন বীর জওয়ানেরা। সে দিনের কথা মনে করে সেনাপ্রধান বলেন, পাক নাশকতার ইতি হয়নি এখনও। বরং, সীমান্তের ও-পারে যুদ্ধ-মনোভাব নিয়ে প্রতিদিনই ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। কখনও সেনা ছাউনি, কখনও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলিতে উড়ে এসে পড়ছে পাক গোলা। সেনাপ্রধান বিপিন রাওয়াতের কথায়, ‘‘এমনটা আর চলতে পারে না। সতর্ক করে দিচ্ছি! যে কোনও রকম দুঃসাহসিক অভিযানের কড়া জবাব দেওয়া হবে।’’
সেনাপ্রধানের দাবি, জম্মু-কাশ্মীরে যুবকদের ভয় দেখিয়ে অস্ত্র হাতে নিতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে মৌলবাদ ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমাদের প্রতিবেশী দেশ এই কার্যকলাপে মদত দিচ্ছে। তারাই জঙ্গিদের প্রশিক্ষণ দেয়। গোটা বিশ্ব ওই দেশকে জঙ্গিদের মদতদাতা হিসেবে চিহ্নিত করেছে।’’
পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সেনার অভ্যন্তরীণ পরিকাঠামো, অস্ত্রভাণ্ডার-সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখে সেনার আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ঢেলে সাজানো হচ্ছে সেনা দফতরগুলি। উরি বা পাঠানকোটের মতো সেনা ছাউনিতে জঙ্গি হানা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গোলাগুলি মোকাবিলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী ও তাদের হাতে থাকা অস্ত্রভাণ্ডার এখন অনেক উন্নত ও আধুনিক বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি জানিয়েছেন, ভারত আজ পরমাণু বিদ্যুৎচালিত আকুলা-ক্লাস ডুবোজাহাজ লিজ নেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে ৩.৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। আইএনএস অরিহন্ত ও আইএনএস চক্র-র পরে চক্র-৩ নামে এই সাবমেরিনও হাতে আসতে চলেছে। পাশাপাশি, নজরদারি উপগ্রহের মাধ্যমে শত্রু শিবিরের খুঁটিনাটিও থাকবে ভারতীয় জওয়ানদের নখদর্পণে। কাজেই জঙ্গিদের কোনও রকম বেয়াদপি আর সহ্য করবে না ভারত। পাল্টা জবাবও হবে অনেক বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-pictures-of-kargil-visit-in-1999-shared-by-pm-narendra-modi/