করোনা টিকা শিবির বৈধ কিনা জেনে নিন স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে
দ্য ওয়াল ব্যুরো: কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্রের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবকে নিয়ে এখন তোলপাড় রাজ্য। টিকাকরণের ক্ষেত্রে এমন জালিয়াতি, প্রশাসনের এমন গাফিলতির কথা সামনে আসার পর সাধারণ মানুষ যে ভ্যাকসিন নিতে দ্বিধা করছেন সেটাই স্বাভাবিক। এর মাঝ
শেষ আপডেট: 29 June 2021 09:08
দ্য ওয়াল ব্যুরো: কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্রের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবকে নিয়ে এখন তোলপাড় রাজ্য। টিকাকরণের ক্ষেত্রে এমন জালিয়াতি, প্রশাসনের এমন গাফিলতির কথা সামনে আসার পর সাধারণ মানুষ যে ভ্যাকসিন নিতে দ্বিধা করছেন সেটাই স্বাভাবিক। এর মাঝেই এবার দুর্নীতিমুক্ত টিকাকরণ নিশ্চিত করতে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার।
মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে এবার থেকে রাজ্যের যেখানে যত টিকাকরণ কেন্দ্রের আয়োজন করা হবে তার পূর্ণাঙ্গ তালিকা থাকবে দফতরের ওয়েবসাইটে। কোন জেলায় কত টিকাকরণ কেন্দ্র চলছে তার বিস্তারিত তথ্য দেওয়া হবে। শুধু সরকারি নয়, বেসরকারি উদ্যোগও এই তালিকাভুক্ত থাকবে।
স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রাপ্ত সমস্ত টিকাকরণ কেন্দ্রই স্বাস্থ্য ভবন অনুমোদিত। এর বাইরে আর কোথাও কোনও টিকা শিবিরের আয়োজন করা যাবে না। করতে হলে দরকার হবে সরকারি অনুমতি।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, টিকাকরণ কেন্দ্রের এই তালিকায় প্রতিদিনই কিছু না কিছু হেরফের হতে পারে। যেমন মঙ্গলবার ওয়েবসাইটে রয়েছে মোট ১ হাজার ৬৩৩টি কেন্দ্রের নাম। কোন কেন্দ্রে কত টিকা মজুত রয়েছে, কী টিকা দেওয়া হচ্ছে সমস্তটাই থাকছে স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে। তবে এর বাইরে মঙ্গলবার আর কোনও টিকাকরণ শিবির আয়োজিত হলে সরকারের চোখে তা বেআইনি। তার বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলেই জানানো হয়েছে।
এই কেন্দ্রের সংখ্যা আবার বদলে যেতে পারে আগামীকাল। টিকা নিতে যাওয়ার আগে তাই স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই দেখে নিতে হবে সাধারণ মানুষকে। তবেই টিকা নিয়ে নিশ্চিত হতে পারবেন মানুষ।