
শেষ আপডেট: 12 June 2022 06:27
দ্য ওয়াল ব্যুরো: কাঁচা সবুজ রং মুহূর্তে বদলে যাচ্ছে। বেল (Wood Apple) হয়ে উঠছে একেবারে পাকা হলুদ। মাত্র কয়েকদিনেই কাঁচা বেল পাকা হচ্ছে। আমডাঙার খুলেছে বেলের 'বিউটি পার্লার'।
বারাসতের আমডাঙার (Amdanga) কামদেবপুর বাজারের কাছেই রন্ধনগাছা এবং সোনাডাঙা গ্রাম। এই গ্রামেই গজিয়ে উঠেছে অভিনব এই ‘বিউটি পার্লার’। এগুলি মূলত বেল পাকানোর কারখানা। কৃত্রিম উপায়ে এখানে কাঁচা বেল পাকা করে তোলা হয়। তারপর সেই পাকা বেল বাজারে বিক্রি হয়।

সোনাডাঙা আর রন্ধনগাছা- দুই গ্রামেই বেল পাকানোর কারখানা রয়েছে সারি সারি। সেখানে প্রতিবছর কাঁচা বেল কৃত্রিম উপায়ে পাকা করা হয়। গ্রামেরই প্রচুর মানুষ এই কাজের সঙ্গে যুক্ত।
শীত-গ্রীষ্ম-বর্ষা, বেলের চাহিদা বছরভর তুঙ্গে। গরমে ঠান্ডা বেলের পানা কিংবা বেল মোরব্বা একেবারে লা জবাব। কিন্তু বেলের এসব সুস্বাদু খাবার কাঁচা বেল দিয়ে তৈরি করা যায় না। তার জন্য প্রয়োজন পাকা টসটসে হলুদ বেল। সবসময় প্রাকৃতিক উপায়ে গাছে বেল পাকে না। গাছপাকা বেলের আশায় বসে থাকলে তাই বছর ঘুরে যাবে। কারখানায় রাসায়নিক সহযোগে কৃত্রিম উপায়ে পাকানো বেলই তাই ভরসা আমজনতার। আমজনতাকে সেই পাকা বেল এনে দেয় আমডাঙা।

আমডাঙায় প্রতিদিন ৬০ থেকে ৭০ গাড়ি ভর্তি বেল এসে পৌঁছয়। শুধু পশ্চিমবঙ্গের নানা প্রান্তই নয়, বেল আসে প্রতিবেশ্য ঝাড়খণ্ড কিংবা বিহার থেকেও। সেই কাঁচা সবুজ বেলকে নিয়ে যাওয়া হল ‘বিউটি পার্লারে’। সেখান থেকে পাঁচ-ছ’দিনের মধ্যেই বেরিয়ে আসে হলুদ পাকা সুস্বাদু বেল। সেই বেল ছড়িয়ে যায় কলকাতা থেকে শুরু করে দূর-দূরান্তের বাজারে।
আরও পড়ুন: গাছে ধরেছে টকটকে লাল লিপস্টিক! ১০০ বছর খোঁজ মেলেনি এই গাছের, অবশেষে চমক অরুণাচলে