দ্য ওয়াল ব্যুরো: এতদিন তাঁরা ঘরের হেঁশেল সামলাতেই ব্যস্ত থাকতেন। এবার সুন্দরবনের সেই সমস্ত মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এলেন ঝড়খালি সবুজবাহিনী ও গয়েশপুর হামরাহী ওয়েলফেয়ারের সৌজন্যে।
শনিবার তাদের উদ্যোগে এক মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তাতে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের চারটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেন। সকালে ঝড়খালি শহিদ নগর জুনিয়র হাইস্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন গয়েশপুর হামরাহী ওয়েলফেয়ারের সম্পাদক রুমা সরকার। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা সুন্দরবনের কোকোনাট ম্যান সুকুমার সানা, পরিবেশ প্রেমী আকুল বিশ্বাস, সমাজসেবী প্রশান্ত সরকার-সহ অন্যান্যরা।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শহীদ নগর নারীশক্তি বাহিনী বনাম লস্করপুর মহামায়া সবুজবাহিনী। খেলার নির্ধারিত সময়ে শহীদনগর নারী শক্তি ৩-০ গোলে জয়লাভ করে। হ্যাটট্রিক করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের শান্তি সরকার।