
শেষ আপডেট: 30 November 2022 09:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক অভিজাত আবাসনের ১৯ তলা থেকে পড়ে এক মহিলার মৃত্যুতে রহস্য ঘনিয়েছে বরানগরে (Woman Death)। মৃতের নাম অন্নপূর্ণা দে চৌধুরী (৪৫)। মহিলা তাঁর স্বামী ও ছেলের সঙ্গেই আবাসনে (Housing Complex) থাকতেন।
বুধবার সকাল আটটা নাগাদ ওই মহিলার দেহ রক্তাক্ত অবস্থায় আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসন চত্বরে। আবাসিকদের ভিড় জমে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের ১৯ তলায় রয়েছে মহিলার ফ্ল্যাট। বুধবার সকালে আবাসনের নিরাপত্তারক্ষীরা উপর থেকে কিছু পড়তে দেখেন। বিষয়টি দেখতে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন, আবাসনের বাসিন্দা এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ১৯ তলা থেকে নীচে পড়ায় মহিলার মাথা ফেটে গিয়েছে, মুখেরও বিকৃতি ঘটেছে। রক্তে ভেসে যাচ্ছে ঘটনাস্থল। খবর পেতেই বাকি বাসিন্দারাও ছুটে আসেন সেখানে। পুলিশে খবর দেওয়া হয়।
দু’মাস ধরে কয়েন খেয়েছেন! রোগীর পেট থেকে ১৮৭টি ধাতব মুদ্রা বের করলেন চিকিৎসকরা
তড়িঘড়ি ওই আবাসনে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের পর মহিলার স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিষয়টি নিয়ে কোনও আবাসিক বা আবাসনের নিরাপত্তারক্ষীরাও সাংবাদিকদের সামনে মুখ খুলতে চায়নি। ইতিমধ্যে মহিলার দেহ উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।