
শেষ আপডেট: 20 December 2022 15:19
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন এক বধূ ( Woman Agitate For Her Child ) । শীতের দুপুর মাদুর পেতে তালাবন্ধ বাড়ির গেটের সামনে মহিলাকে এইভাবে বসে থাকতে দেখে, হইচই পড়েছে নন্দকুমার ( Nandakumar ) থানার বেতকল্লা গ্রামের। মহিলার নাম লাবণী সামন্ত।
তাঁর অভিযোগ, অন্যায়ভাবে বিচ্ছেদ নিয়ে স্বামী এখন তাঁর তিন বছরের ছেলেকে ফেরত দিচ্ছেন না। লাবণী জানিয়েছেন, সম্বন্ধ দেখে তমলুক থানার এলাকার গণপতিনগরের হরেকৃষ্ণ সামন্তের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। স্বামী ইন্ডিয়ান নেভিতে চাকরি করেন। চাকরি-সূত্রে মুম্বাইতে থাকেন। বিয়ের পরে তিনিও স্বামীর সঙ্গে মুম্বইতে থাকতেন। সেখানে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরই মধ্যে এক পুত্রসন্তান জন্ম দেন লাবণী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ছেলে ছাড়াই লাবণীকে বাপেরবাড়িতে দিয়ে যান স্বামী হরেকৃষ্ণ। পরে তিনি জানতে পারেন স্বামীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।
চা সুন্দরীর বদলে আবাস যোজনায় নাম তোলার দাবি শ্রমিকদের, জলপাইগুড়িতে বিক্ষোভ
লাবণীর অভিযোগ, চোখে ধুলো দিয়ে বিচ্ছেদের কাগজে তাঁকে সই করিয়ে নিয়েছেন স্বামী। ছেলের সঙ্গে যোগাযোগ রাখতে দিচ্ছেন না। তাই সন্তানকে ফিরে পেতে বাধ্য হয়েই তিনি শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন। পাশাপাশি ভরনপোষনের দাবি জানিয়েছেন।
লাবণীর বাবা সুজিত মহাপাত্র জানিয়েছেন, আইনের পথে গিয়ে কোনও সুরাহা মেলেনি। তাই সন্তানকে ফিরে পেতে মেয়ে এমন পদক্ষেপ নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, হরেকৃষ্ণ সামন্ত ও তাঁর পরিবার প্রতিবেশীদের সুসম্পর্ক রাখেন না। মাঝমধ্যে মুম্বই থেকে হরেকৃষ্ণ এবাড়িতে আসেন। প্রতিবেশীরা ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি ছেলেকে ফিরে পেতে এই ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন লাবণী।