দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর হতাশ করেনি শহরবাসীকে। শীত আসছে না বলে এত হাহুতাশ বন্ধ হয়েছে বড়দিনের পর থেকেই। একেবারে শেষ লগ্নে এসে চাঙ্গা হয়ে উঠেছে শীত। কুয়াশার কম্বল সরিয়ে রীতিমতো গা-ঝাড়া দিয়ে হম্বিতম্বি করছে গাঙ্গেয় বঙ্গে। তাপমাত্রা কখনও ১১ ডিগ্রি, তো কখনও ১২-তে উঠছে। জেলায় জেলায় আবার দশের নিচেও নামছে। পাহাড়ে তো কথাই নেই। উত্তুরে হিমেল হাওয়ায় হাড়কাঁপানো ঠান্ডা। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে ভিড় দেখলেই তা মালুম হয়। জমিয়ে শীতের মজা নিচ্ছেন পর্যটকরা।
বছরের শেষ মানেই শীতের ছুটি, তেমনটা নয় মোটেও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষবরণে শীতের আমেজ থাকবে পুরোমাত্রায়। হিমেল হাওয়ায় নতুন বছরে কনকনে ঠান্ডা পড়বে পাহাড় থেকে সমতলে। বছরের বাকি দুটো দিনও স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। সকালে হাল্কা কুয়াশা, বেলা বাড়লেই নরম রোদ। সন্ধে থেকে ঠান্ডা হাওয়ায় শোয়েটার, জ্যাকেট, মাফলারে জড়াবে শহরবাসী। রাত নামলেই হুড়হুড়িয়ে তাপমাত্রার পারদ নামবে ১১ বা ১২ ডিগ্রিতে।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি নিচেই থাকছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নিচে। আগামী দুটো দিন কলকাতায় ঠান্ডা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই। রাতের দিকে হিমেল হাওয়ায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। দক্ষিণের জেলাগুলিতে পারদ পতন হবে আরও কিছুটা। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। দিঘাতে এখনই ঠান্ডা ১০ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করছে। পাহাড়ে আরও কম। উত্তরবঙ্গে তাপমাত্রা ৮-৯ ডিগ্রির আশপাশে রয়েছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৫ ডিগ্রির আশপাশেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ। ভোর হলেই মোটা কুয়াশার যে স্তর পড়ছিল তা এখন অতটা নেই। সকালের দিকে হাল্কা কুয়াশা ঘিরে থাকছে শহরকে। বেলা বাড়লেই ঝলমলিয়ে রোদ উঠছে। সেই সঙ্গে ঠান্ডার আমেজও থাকছে। রোদ-ঠান্ডার মিশেলে ভ্রমণবিলাসীদের এখন পোয়াবারো। চিড়িয়াখানা, নিকোপার্ক, ইকো পার্ক তো বটেই হোটেল-রেস্তোরাঁগুলিতেই জমাটি ভিড়। রঙবেরঙের শোয়েটার, জ্যাকেটে সেজে পিকনিকের মজা নিচ্ছেন শহরবাসী। পাহাড়ে ঘুরতে যাওয়ার হিরিকও পড়েছে। নতুন বছরেও ভালই ঠান্ডা থাকবে শুনে এখন থেকেই ব্যাগ গোছানোর প্রস্তুতি নিচ্ছেন অনেকেই।
গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখন নেই। তবে পশঅচিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। দিল্লিতে এখনই তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে। আরও ঠান্ডা পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিন হিমেল হাওয়ার স্রোত বইবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরাখণ্ডে। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হুড়মুড়িয়ে তাপমাত্রার পারদ নামবে।
দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত জট পাকিয়েছে। মলদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা আছে। সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশায় সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, ্পন্ডিচেরী, কারাইকালে।