
শেষ আপডেট: 7 December 2023 19:47
দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ আর বরফ! সাদা বরফের চাদরে মুড়ল উত্তরবঙ্গের পাহাড়। ঘূর্ণাবর্তের জেরে সমতলে যখন অকাল বর্ষণ, ঠিক তখনই বড়দিনের আগে পর্যটকদের জন্য উপরি পাওনা। তাপমাত্রা নামতেই তুষারপাতের সাক্ষী থাকল দার্জিলিং। বৃহস্পতিবার শৈলশহরের সান্দাকফুতে তুষারপাত হয়। চারদিক ঢেকে গিয়েছে বরফের চাদরে। চুটিয়ে তুষারপাত উপভোগ করছেন পর্যটকেরা।
ডিসেম্বরের শুরুতেও বাংলায় শীতের পরশ মেলেনি। শুধু দক্ষিণ নয়, উত্তরেও এখনও খুব একটা জাঁকিয়ে শীত বসতে পারেনি। এর মধ্যে বড়দিনের প্রায় আড়াই সপ্তাহ আগেই আবহাওয়ার হঠাৎই পরিবর্তন। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরের বেশ কিছু অংশের আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। যদিও খানিকক্ষণ বাদে তা থেমেও যায়। এরপর বিকেলের পর থেকে দার্জিলিং জেলার সান্দাকফু সহ চন্দ্রু হ্রদে তুষারপাত শুরু হয়। দেখতে দেখতে বাড়ির চাল, মাঠ, রাস্তা ঢেকে যায় বরফের চাদরে। গাছের পাতায় জমতে শুরু করে সাদা গুঁড়ো। আচমকা এমন নৈসর্গিক দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পর্যটকেরা।
বর্তমানে দার্জিলিং শহরের তাপমাত্রা ৫ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে সান্দাকফু টাইগার হিলের মতো অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম। এদিন তাপমাত্রা কমে হিমাঙ্কের নিচে নামতেই তুষারপাত শুরু হয়ে যায় সান্দাকফুতে। সেখানে থাকা পর্যটকেরা আনন্দে আপ্লুত হয়ে তুষারপাত উপভোগ করেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই ছবি শেয়ার করেন।
সাদা চাদরে ঢাকল দার্জিলিং, ডিসেম্বরের শুরুতেই মরসুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে#Darjeeling #snowfall #December #WinterSession2023 pic.twitter.com/otkQXoTtO1
— The Wall (@TheWallTweets) December 7, 2023
সারা বছরই দার্জিলিঙে পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে মাঝ নভেম্বর থেকে সাধারণত পাহাড়ের আকাশ পরিষ্কার হতে শুরু করে। ঝকঝকে আকাশে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা সহ গোটা স্লিপিং বুদ্ধ রেঞ্জ। যা দেখতে বারবার ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষেরা। আর তারই সঙ্গে তুষারপাত হলে তো উপরি পাওনাই বটে! আবহাওয়াবিদদের মতে, কপাল ভালো থাকলে দার্জিলিং শহরে বসেও মিলতে পারে তুষারপাতের আনন্দ। তবে আপাতত জমকালো ঠান্ডা উপভোগ করতে দার্জিলিং যেতেই পারেন সমতলবাসী।
অন্যদিকে, পাহাড়ের অন্য অংশেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং, কার্শিয়াং-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বইছে ঠান্ডা হাওয়াও। সমতলের শিলিগুড়িতেও সন্ধের দিকে হালকা বৃষ্টি হয়। শুক্রবারও দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।