
শেষ আপডেট: 26 July 2023 11:16
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে কলকাতা হাইকোর্টে আগেই দায়ের হয়েছিল একাধিক মামলা। তার জেরে বিজয়ীদের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত পদক্ষেপ আদালত গ্রহণ করবে বলে আগেই জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার এই সংক্রান্ত মামলাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পঞ্চায়েতে বিজয়ী প্রার্থীদের ভবিষ্যত নির্ধারণ হবে আগামী ১৭ অগস্ট।
রাজ্যের বিরুদ্ধে ভোটের সময় অসহযোগিতার অভিযোগ এনে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ১২০০ পাতার রিপোর্ট জমা দিয়েছেন বিএসএফের আইজি। অন্যদিকে ভোটকে কেন্দ্র করে কমিশনের কাছে যে একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই সমস্ত অভিযোগগুলো এবার খতিয়ে দেখতে চান প্রধান বিচারপতি।
সমস্ত মূল নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই সব অভিযোগ খতিয়ে দেখার পরই বিজয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। একই সঙ্গে মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যে প্রাণগুলি চলে গেছে সেগুলি কোনওভাবেই ফেরানো সম্ভব নয়।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতে কমিশনের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা যাবতীয় অভিযোগ এদিন উড়িয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের দাবি, মোট ৮২২ কোম্পানী বাহিনীর মধ্যে ভোটের দিন তাঁরা হাতে পেয়েছিলেন ৬৩৭ কোম্পানী বাহিনী। পুরো বাহিনীকেই ভোটের কাজে বুথে মোতায়েন করা হয়েছিল বলেও এদিন কমিশনের তরফে দাবি করা হয়েছে।
ভোটে বেলাগাম হিংসার জেরে গুচ্ছ গুচ্ছ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ভোটের দিনে বুথ জ্যাম থেকে শুরু করে ব্যালট বাক্স নিয়ে পালানোর মতো গুরুতর অভিযোগও সামনে এসেছিল। যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছিলেন, জয়ী প্রার্থী-সহ সবাইকে এটা মনে রাখতে হবে যে, এই মামলার ভবিষ্যতের ওপরে তাদের ভাগ্য নির্ভর করবে।
আরও পড়ুন: মালদহে চিঠি এক সপ্তাহেই, মণিপুরে তিন মাস পরে কেন? সমালোচনার মুখে জাতীয় মানবাধিকার কমিশন