
শেষ আপডেট: 30 July 2018 09:36
দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভর্তি নিয়ে সিন্ডিকেটের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রীর পদ থেকে জয়া দত্তকে অপসারণ করা হয়েছে এক মাস হয়ে গেল। কিন্তু এখনও তাঁর পরিবর্তে নতুন কাউকেই দায়িত্ব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিও ক্রমশ ঘাড়ের কাছেই এসে পড়ছে। এই পরিস্থিতিতে দলের একটি শীর্ষ সূত্রে এমনিতেই খবর ছিল যে তড়িঘড়ি কাউকে সভাপতি নিয়োগ না করেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে। সোমবার তৃণমূলের তরফে একটি বার্তায় সেই সম্ভাবনা আরও জোরদার হল।
কী বলা হয়েছে ওই বার্তায়?
সেখানে পরিষ্কার বলা হয়েছে, ২৮ অগস্ট প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্য ৪ অগস্ট তৃণমূল ভবনে সকাল ১১টা থেকে প্রস্তুতি বৈঠক হবে। ওই প্রস্তুতি সভায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলীয় তরফে ছাত্র পরিষদের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সমস্ত জেলার টিএমসিপি সভাপতি, কার্যকরী সভাপতি, বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সভাপতিদের বৈঠকে ডাকা হয়েছে। স্বাভাবিক ভাবেই ওই বার্তায় ছাত্র পরিষদের সদ্য প্রাক্তন সভানেত্রী জয়া দত্তর কোনও নাম নেই। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হল, প্রস্তুতি বৈঠকে ছাত্র পরিষদের সভাপতি থাকার কথাও উল্লেখ নেই। বলাবাহুল্য বর্তমানে ছাত্র পরিষদের কেউ সভাপতি নেই, তাই নামও নেই।
কিন্তু এর থেকেই সন্দেহ জোরদার হয়েছে, তা হলে কি টিএমসিপি সভাপতি পদে নতুন কাউকে নিয়োগ না করেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, সম্প্রতি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি এ বার গান্ধী মূর্তির পাদদেশে হবে। সুব্রত বক্সী-অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বেই তা হবে জানিয়েছিলেন মমতা।
তৃণমূলের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, টিএমসিপি সভাপতি পদে নতুন কাউকে নিয়োগের ব্যাপারে মমতা ভাবনা চিন্তা যে করেননি তা নয়। এ ব্যাপারে মুর্শিদাবাদের এক মেধাবি ছাত্র নেতা ও হাওড়ার এক যুব নেতার নামও আলোচনায় উঠেছিল। কিন্তু সূত্রের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রীকে বোঝান তাঁর মাধ্যমেই এই দুই নেতাকে চিনেছেন দিদি। তাঁদের যোগ্যতা অভিষেকই এখনও ভাল করে বুঝে উঠতে পারেননি। ফলে তাড়াহুড়ো না করে আরেকটু অপেক্ষা করা হোক। পরে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হয়েছে অভিষেকের। এমনকী এক সময়ে তখন এও আলোচনা হয়েছিল যে, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কেন্দ্রীয় ভাবে কলকাতায় না করে কলেজে কলেজে উদযাপন করা হোক।
শাসক দলের ওই সূত্রের মতে, এমন নয় যে ছাত্র পরিষদের সভাপতির পদ অনন্ত কাল ধরে ফেলে রাখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যাভেলিয়নে বেশ কয়েক জনকে চিহ্নিত করে রেখেছেন। তাঁদের মধ্যে থেকেই কেউ হবে। তা ছাড়া লোকসভা ভোটের আগে তা করতেও হবে। শুধু কাকে করা হবে তা একটু যাচাই করে দেখতে চাইছেন তাঁরা। যাতে ছাত্র সভাপতির কারণে দলের মুখ না পোড়ে।