
শেষ আপডেট: 20 May 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: টিফিন চুরি (steals tiffin) করে খেয়ে জঙ্গলে পালিয়ে গেল বুনো হাতি (Wild elephant of Dooars)। ভুখা পেটে বাড়ি ফিরলেন ৮৪ জন চা শ্রমিক (tea workers)।
ডুয়ার্সের চা বাগানে হাতির হামলা নতুন কিছু নয়। অনেক সময়েই জঙ্গল থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে হাতি। এমনকী চা বাগানের রেশন দোকানে ঢুকে বস্তা বোঝাই চাল, আটা খেয়ে পালিয়ে গেছে এ ঘটনাও বিরল নয়। তবে শ্রমিকদের টিফিন খেয়ে পালানোর নজির আগে মেলেনি। চোখের উপর এমন ঘটনা দেখে শনিবার শোরগোল পড়ে যায় নাগ্রাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে।

চা বাগানে এখন সেকেন্ড ফ্ল্যাশ। জোরকদমে চলছে চা পাতা তোলার কাজ। প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে কাজে এসেছিলেন শ্রমিকরা। অভ্যাস মতোই চা বাগানের যে সেকশনে কাজ করছিলেন সেখানে চা গাছের ডালে টিফিনবাক্সগুলি ঝুলিয়ে রাখেন। কোনওটিতে বাড়ি থেকে আনা ভাত-ডাল, কোনওটিতে রুটি-তরকারি। শ্রমিকরা জানান, বেলার দিকে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল থেকে আচমকাই একটি বুনো হাতি বামনডাঙা চাবাগানে ঢুকে পড়ে।
শ্রমিকরা চিৎকার চেঁচামেচি করলেও হাতিটি তাতে কর্ণপাত করেনি। চা শ্রমিক পূজা ওড়াও বলেন, “আমরা কাজ করছিলাম। আচমকাই দেখলাম একটি মস্ত বড়ো হাতি চা বাগানে ঢুকল। এরপর আমাদের সব টিফিন বাক্স খুলে খাবার খেয়ে জঙ্গলে ফিরে গেল।”
সব টিফিন শেষ করে ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি। বিরল এই ঘটনার জেরে প্রায় দেড়ঘণ্টা চা পাতা তোলার কাজ বন্ধ রাখেন আতঙ্কিত শ্রমিকরা।
মমতাকে মদন: দরকারে রাজনীতি ছাড়ব, কিন্তু এমন বই লিখব যে বেস্ট সেলার হবে