দ্য ওয়াল ব্যুরো: ফের হাতির তাণ্ডব পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়। মঙ্গলবার সকালে গড়বেতা থানার বোরোজাম এলাকায় হাতির হানায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম অজিত নায়েক। গুরুতর উবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারপর অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অজিতবাবুকে।
নিজের জমিতে লাগানো আলু গাছ দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা জানিয়েছেন, কুয়াশার কারণেই দাঁতালটিকে দেখতে পাননি। এরপর সামনে পড়তেই শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জানা গিয়েছে, ৬-৭টি দাঁতালের পাল এদিন সকাল থেকে তাণ্ডব চালাচ্ছে গড়বেতায়। ফসলের ক্ষেত জুড়ে তাণ্ডব চালানোয় ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষের। এমনিতে হাতির লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। বারবারই স্থানীয়রা অভিযোগ তোলেন, বনদফতরের কর্মীদের গাফিলতির জন্যই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। এবারও সেই অভিযোগ উঠেছে।