
শেষ আপডেট: 11 August 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: প্রথম সন্তান মেয়ে। তারপর দ্বিতীয় সন্তান ছেলে হবে, এমনই আশা করেছিল স্বামী। কিন্তু সে আশা পূর্ণ হয়নি। তৃতীয়বারও কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর উপর রাগ মাত্রা ছাড়ায়। তাই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন (Wife Murder Case) করল স্বামী! এমনই অভিযোগ উঠেছে মালদহের (Maldah) এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনা রতুয়া থানার পাঁচপাড়া কলোনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ছাবিনা খাতুন (২৫)। রতুয়ার আলিপাড়ায় তাঁর বাপেরবাড়ি। ছাবিনার আত্মীয়রা জানিয়েছেন, সাত বছর আগে পাঁচপাড়া কলোনি এলাকার যুবক আব্দুল হান্নানের সঙ্গে ছাবিনার বিয়ে হয়। এক বছরের পর প্রথম কন্যাসন্তানের জন্ম দেয় ছাবিনা। এরপর থেকে ছাবিনার প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের আচরণ বদলাতে থাকে। অভিযোগ, মারধর, গালিগালাজ করা হত তাঁকে। 'ছেলে সন্তান চাই' বলে চাপ দেওয়া হত ছাবিনাকে। এরপর ছেলের আশায় পর পর দুই বার গর্ভবতী হন ছাবিনা। কিন্তু পরের দু'বারই মেয়ে হওয়ায় স্বামী ও শ্বাশুড়ির প্রত্যাশা পূরণ হয়নি শুধু নয়, তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে।
তিনি আরও জানান, 'বৃহস্পতিবার রাতে দিদি অসুস্থ জানিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আসার জন্য ফোন করেছিল জামাইবাবু। সেখানে গিয়ে পৌঁছলে আর তাকে পাওয়া যায়নি। ওয়ার্ডে ওয়ার্ডে খোঁজাখুঁজির পর দেখা যায় হাসপাতালের একটি বারান্দায় দিদির মৃতদেহ পড়ে রয়েছে। এইভাবেই দেহ হাসপাতালে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বেপাত্তা হয়ে গিয়েছে।'
ইতিমধ্যে ছাবিনা খাতুনের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেয়েকে খুন করা হয়েছে বলে জামাই ও তার বাড়ির বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাবিনার মা ও বাবা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: হাওড়ায় পরপর পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, ডোমজুড়-পাকুরিয়ায় ভয়ঙ্কর ঘটনা