
শেষ আপডেট: 16 March 2023 08:38
দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আদালতের বার কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মন্তব্য করেছিলেন, ‘কারও চাকরি খাবেন না। দেওয়ার মুরোদ নেই, কাড়ার গোঁসাই।’ তা নিয়ে মামলা দাখিল করতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হল আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Bhattacharya)।
বুধবার তিনি কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার মামলা করুক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু আদালত বিকাশকে পরামর্শ দেয়, চাইলে তিনি হলফনামা জমা দিতে পারেন। তারপর আদালত ঠিক করবে, মামলা গ্রহণ করা হবে কি না।
বৃহস্পতিবার বিকাশবাবু হলফনামা জমা দিলেন বটে। কিন্তু তার মর্মবস্তু হচ্ছে, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করুক। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বিকাশের উদ্দেশে প্রশ্ন করে, আপনি কেন মামলা দায়ের করছেন না?
জবাবে বিকাশবাবু বলেছেন, তাঁর হলফনামায় একাধিক মামলার কথা উল্লেখ করা রয়েছে। যাতে স্পষ্ট মুখ্যমন্ত্রী আদালত অবমাননা করেছেন। বিকাশের এও বক্তব্য, কারচুপি করে যাদের নিয়োগ হয়েছিল, তাদের চাকরি যাচ্ছে আদালতের নির্দেশে। সেখানে মুখ্যমন্ত্রীর এ হেন বক্তব্য, আদালত অবমাননা ও বিচার ব্যবস্থার উপর চাপ তৈরির কৌশল।
এখনও মামলা গ্রহণের বিষয়ে চূড়ান্ত মত জানায়নি হাইকোর্ট।
‘মমতার মন্তব্য মানবিক, আদালত অবমাননা করেননি’, বিকাশের উল্টো মত অরুণাভর