এনআরসি-নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিমের মিছিল কোচবিহারে
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের উত্তর-পূর্বে। সেই আন্দোলনের আঁচ পড়েছে দেশের নানা প্রান্তে। বিক্ষোভের আগুন জ্বলেছে এ রাজ্যেও। জেলায় জেলায় সিএবি এবং ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতা
শেষ আপডেট: 15 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের উত্তর-পূর্বে। সেই আন্দোলনের আঁচ পড়েছে দেশের নানা প্রান্তে। বিক্ষোভের আগুন জ্বলেছে এ রাজ্যেও। জেলায় জেলায় সিএবি এবং ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতা করে কোথাও রেল বা সড়ক অবরোধ, কোথাও প্রতিবাদ মিছিল, কোথাও সভা-জমায়েত হয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন কোচবিহারের রাস্তায় মিছিল করতে দেখা যায় আসাদুদ্দিন ওয়াইসির দল এমআইএম-কে।
কোচবিহারের রেলগুমটি ছেতে মড়াপোড়াচৌমথী হয়ে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করে মিম। ‘বাংলা বাঁচাও, বিজেপি হটাও’ স্লোগান তুলতে দেখা যায় মিছিলের অনেককেই। এআইএমআইএমের জেলা সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, “সরকারি সম্পত্তি নষ্ট করে আন্দোলন করা উচিত নয়। রাজ্য সরকারের উচিত সরকারি সম্পত্তি যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শান্তিশৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা উচিত।”

এর আগে এনআরসি ইস্যুতে কোচবিহার শহরে দলীয় সভা থেকে নাম না করে এমআইএমকে আক্রমণ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলায় বিজেপি বিভিন্ন জনগোষ্ঠীকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছে বলে বলে মমতা অভিযোগ করেন। সেই প্রসঙ্গেই নাম না করে আক্রমণ করেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-কে (অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন)। তাই মিমের মিছিল নিয়ে আগেই একটা উত্তেজনা ছিল রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতারা।
নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে বাংলার একাধিক জেলাতেও রাস্তায় নেমেছেন সংখ্যালঘুরা। মুর্শিদাবাদ থেকে হাওড়ার উলুবেড়িয়ায় চলছে বিক্ষোভ। মুর্শিদাবাদে সংখ্যালঘুদের অবরোধে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। উলুবেড়িয়াতেও পরিস্থিতি উত্তপ্ত বলে খবর মিলেছে।