
শেষ আপডেট: 31 August 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: যেন এপ্রিল কিংবা মে-মাস। গত কয়েক দিনের আবহাওয়া দেখলে তেমনটা মনে হওয়া আশ্চর্যের নয়। একে তো পারদ চড়েছে হুহু করে। দিন ও রাত দুইয়েরই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা উপরে উঠে গেছে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে ঘাম যেন বন্ধ হওয়ার নামই নেই (West Bengal weather)!
তবে তার মধ্যেই বৃষ্টির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে উত্তরবঙ্গের উপর। এই দুইয়ের জুটিতে এখন দক্ষিণবঙ্গের আকাশে আক্ষরিক অর্থেই মেঘ জমেছে। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এমনকী, আজ বৃহস্পতিবার কলকাতার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে তিলোত্তমায় (Rain prediction)।
টানা বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা কমবে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬° সেলসিয়াস। আগামীকালও ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে রবিবার থেকে একটু হলেও স্বস্তি মিলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
আজ রাতে ব্লু মুন দেখবেন আকাশে, তার আগেই নীল চাঁদের কিছু বিরল ছবি দেখে নিন