
শেষ আপডেট: 19 October 2022 07:11
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বেপরোয়া গাড়ির ধাক্কায় পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে প্রাণ গেল এক যুবকের (West Bardhaman Accident)। মৃতের নাম আকবর আলি (২২)। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা দীর্ঘ সময় জিটি রোড অবরোধ করে রাখেন।
জানা গেছে, নিয়ামতপুর লছিপুরের দিক থেকে একটি চারচাকা গাড়ি বেপরোয়াভাবে এসে প্রথমে ধাক্কা মারে এক এলাকাবাসীকে। তারপর বেশ কয়েকটি সাইকেল, মোটর সাইকেলকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন দু'জন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত (Death) বলে ঘোষণা করেন চিকিৎসক। অপরজনের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, বুধবার সকালে লছিপুরের নিষিদ্ধ পল্লী থেকে একটি গাড়ি দ্রুত গতিতে বার হয়ে বরাকরের দিকে যাবার সময় নিয়ামতপুর বাজারের কাছে এক যুবককে ধাক্কা মারে। তবে গাড়িটি না থেমে সীতারামপুর বিশ্বকর্মা নগরের দিকে চলে যায়। সেখানেও এক ব্যাক্তিকে ধাক্কা মেরে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক।
স্থানীয়দের কথায়, গাড়ির চালক মদ্যপ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীরা পথ অবরোধ করেন। তাঁদের বক্তব্য, জনবহুল এলাকায় রাস্তায় কোনও বাম্পার নেই। এলাকায় অনেক স্কুল আছে, প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে।
তাঁদের দাবি অবিলম্বে রাস্তায় বাম্পার বানাতে হবে। মৃত এবং আহত পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। পরে পুলিশ এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে।
দু’দিন ধরে সল্টলেকের রাস্তায় টেট-প্রার্থীরা, খিদে-তেষ্টায় অসুস্থ! তবু চলছে আন্দোলন