
শেষ আপডেট: 12 September 2023 07:02
দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গে গত দুদিনে বেশ খানিকটা কমে গেছে বৃষ্টি। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। বেড়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আবার উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। তবে রাজ্য জুড়েই ফের আবহাওয়ার ভোল বদলের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ দিকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে বৃষ্টিতে। তবে উত্তরের জেলাগুলিতে কমবে বৃষ্টি (weather update)।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগোনোর কথা সেটির। আর তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসবে। উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে বজ্রপাতও হবে (rain prediction)।
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তার সঙ্গে ঘেমে নাকাল হবেন মানুষ। তবে ঘূর্ণাবর্তের কারণে বুধবার থেকেই তাপমাত্রা একটু কমবে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি শুরু হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। রবিবার পর্যন্তই পরিস্থিতি থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
কলকাতায় মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ।
ঢ্যাঁড়স নিয়ে যাচ্ছিলেন চাষিরা, টোটোতে লরির ধাক্কায় চারজনের মৃত্যু