
শেষ আপডেট: 20 October 2023 19:08
দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমা কলকাতায় মহালয়া থেকেই শুরু হয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন। বৃষ্টির আশঙ্কায় আগে ভাগে ঠাকুর দেখে নেওয়ার প্রবণতায় তৃতীয়া, চতুর্থী থেকে জেলার মণ্ডপগুলিতেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। ষষ্ঠীর দুপুর তো জনারণ্যে। কলকাতা থেকে জেলা সর্বত্রই সেই একই ছবি, একই হুল্লোর। সঙ্গে একরাশ উদ্বেগ। কবে থেকে নামবে বৃ্ষ্টি! পুজোর কোন দিনগুলো মাটি হবে নিম্নচাপের দাপটে!
বিষয়টি অজানা নয় আলিপুর আবহাওয়া দফতরেরও। সম্ভবত সেকারণেই শুক্রবার সন্ধেয় তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন আলিপুর আবহাওয়া বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
সঞ্জীববাবু জানিয়েছেন, ষষ্ঠীতে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। অন্যদিকে নবমী থেকে অর্থাৎ ২৩ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভবনা থাকছে সমুদ্র উপকূলবর্তী এলাকা হিসেবে পরিচিত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে নবমীর মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস।
গত কয়েক বছর ধরেই পুজোর বৃষ্টি হওয়ার নজির রয়েছে। যদিও এই বছর খাতায়-কলমে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। গত বেশ কয়েকদিন বৃষ্টিবিহীন দিন কাটছে বাঙালির। আর তা দেখেই আশায় বুক বেঁধেছিল মানুষজন। পুজোটা হয়তো এবার ভালয় ভালয় কেটে যাবে। হাওয়া অফিসও শুরুর দিকে তেমনটাই জানিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ছন্দপতন ঘটেছে। আলিপুর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপের কারণে পুজোর শেষ দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার কারণে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত শুকনো আবহাওয়া থাকলেও নবমী ও দশমীর দিন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। অষ্টমী পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। কিন্তু পুজোর শেষ দু'দিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
পুজো মিটলেই পারদ নামবে দ্রুত। ফলে শীত পড়তেও বেশি দেরি নেই। উত্তরবঙ্গেও হাওয়া বদল হবে দ্রুত। তবে পুজোর এই পাঁচটা দিন সেখানকার জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়েই মোটের উপর স্বস্তির মধ্যেই কাটতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব।