
শেষ আপডেট: 21 May 2023 11:02
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার খামখেয়ালিপনায় গলদঘর্ম রাজ্যবাসী। একদিকে গুমোট গরম, অন্যদিকে বিকেল হলেই আকাশের মুখভার। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম কমছে না। তারমধ্যেই রবি ও সোমবার পারদ খানিক চড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, কালবৈশাখী তো বটেই সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন (Weather report)।
সূত্রের খবর, রবিবার দিনভর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায়। এদিন তিলোত্তমায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এদিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিকেলের দিকে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (thunderstorm prediction)। তবে একইসঙ্গে রবিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমে জেলাগুলিতে। রবি ও সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (heatwave in Bengal)।
মঙ্গলবার থেকে রাজ্যজুড়েই বদলাবে আবহাওয়া। সেদিন থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে তার সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারিকরেছে আলিপুর। হওয়া6 অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে জেলাগুলিতে মঙ্গলবার থেকে ঝড় এবং বৃষ্টি দুই-ই বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তো কমবে বটেই, সেই সঙ্গে শিলাবৃষ্টি ও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
মঙ্গল এবং বুধবার বৃষ্টিতে ভিজবে কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি। সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতেও। শিলাবৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মালদহ এবং এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এই তিনটি জেলাতেও।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবি এবং সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ।
২০০০ টাকার নোট বদলাতে ফর্ম ভরতে হবে! নোটিস নিয়ে জল্পনা, কী জানাল আরবিআই