
শেষ আপডেট: 1 July 2023 06:45
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বৃষ্টি যদিও কমেছে অনেকটাই। তবে এবার দক্ষিণে বৃষ্টি কমলেও বাড়বে উত্তরে। সেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (weather report)।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দুপুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। তবে আগামী ২ দিনে বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় থাকায় অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (heavy rain forecast)। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই ৩টি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং জেলার বেশ কিছু এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোশের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে হওয়া অফিস।