
শেষ আপডেট: 23 January 2023 06:05
দ্য ওয়াল ব্যুরো: মাঘের শুরুতেই ফের গায়েব শীত (winter)। গরম পোশাক গায়ে রাখা যাচ্ছে না, দরকার পড়ছে না লেপ কম্বলেরও। শীতের ইনিংস নাকি এবার সত্যিই শেষের পথে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস (weather report)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে চলতি সপ্তাহে ক্রমশই বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, দুইই বাড়বে। রাতে এবং ভোরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলা উধাও হবে শীতের অনুভূতি। সপ্তাহের শেষে রীতিমতো উষ্ণতার ছোঁয়া মিলবে।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুইই থাকবে স্বাভাবিকের উপরে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২-৩ দিন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও, যার ফলে বেলা বাড়লেই উধাও হবে শীত। কলকাতায় আগামী ২-৩ দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। চলতি সপ্তাহে জেলাগুলিতে ভোরের দিকে সামান্য কুয়াশার দেখা মিলতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একই রকম থাকবে আবহাওয়া। তারপর তাপমাত্রা বাড়বে উত্তরে জেলাগুলিতেও। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
মেদিনীপুরে ডাক্তারকে পিষে মারল বেপরোয়া লরি চালক, গাড়িতে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করেছিলেন