
শেষ আপডেট: 16 January 2023 05:22
দ্য ওয়াল ব্যুরো: গতকাল অর্থাৎ রবিবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গায় ডুব দিয়ে স্নান সেরেছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। তবে হাড়কাঁপানো শীত নয়, বরং এই বছর কার্যত উষ্ণ মকর সংক্রান্তি প্রত্যক্ষ করেছেন মানুষজন। কিন্তু মাঘ মাস পড়তেই ফের তাপমাত্রা নামতে শুরু করল দক্ষিণবঙ্গে। আরও নামবে পারদ, জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির (rain) পূর্বাভাসও রয়েছে (weather report)।
গত কয়েকদিনের মতোই সোমবার ভোরেও কুয়াশার (foggy morning) চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। কিন্তু কুয়াশা থাকলেও সোমবার একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রি। এদিন ভোরে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, সোম ও মঙ্গলবার ঠান্ডার আমেজ অনুভূত হবে। তবে বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। মাঘ পড়তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে আগামী দুদিন ধরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতা রয়েছে। কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার দেখা মিলবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় সোমবার হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে থাকা উচ্চচাপ বলয় থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে।এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যে কারণে গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে। সপ্তাহের শুরুর দুদিন তাপমাত্রা সামান্য কমলেও তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।
পাকিস্তানে খাদ্য সঙ্কট চরমে! খিদে চেপে গমের ট্রাকের পিছনে খালি পায়ে ছুটছে মানুষ