
শেষ আপডেট: 11 January 2023 05:08
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক সপ্তাহ হাড়কাঁপানো শীতের পর ঠান্ডার দাপট খানিকটা কমল বাংলায়। মকর সংক্রান্তি আসতেই আবহাওয়ায় বেশ খানিকটা পরিবর্তন নজরে আসছে। জেলায় জেলায় এখনও উত্তুরে হওয়ার প্রভাবে এখনও শীতের অনুভূতি জারি থাকলেও কলকাতায় এক ধাক্কায় খানিকটা বাড়ল তাপমাত্রা (Kolkata winter)। তবে ফের পারদ পতনের পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে (weather report)।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তবে তারপর থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। শুক্র ও শনিবার দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। রবিবারও একই রকম থাকবে আবহাওয়া। মকর সংক্রান্তির সময় মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও শীতের হালকা আমেজ থাকবে। সকালের দিকে কুয়াশার দেখা মিলতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার কালিম্পঙয়ে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সোমবার থেকে ফের পারদ পতনের পূর্বাভাস রয়েছে। মৌসম ভবনের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে ফের হাড়কাঁপানো শীতের দেখা মিলতে পারে।
বাংলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত (Delhi winter)। একদিকে প্রবল শৈত্যপ্রবাহ, অন্যদিকে কুয়াশার দাপটে জবুথবু উত্তর ভারতের একাধিক এলাকা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, গত এক দশকে দীর্ঘতম শৈত্যপ্রবাহের স্পেল চলছে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। গত শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৯ ডিগ্রিতে, যা সামান্য বেড়ে বুধবার হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারে। ফলে একাধিক বিমান এবং ট্রেন দেরিতে চলেছে। কলকাতা থেকে দিল্লিগামী ট্রেনগুলির রাজধানীতে পৌঁছাতে অন্তত ৫ ঘণ্টা দেরি হচ্ছে। এই অবস্থায় বেসরকারি স্কুলগুলিকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে কেজরিওয়াল সরকার।
দুর্ভিক্ষ বিধ্বস্ত পাকিস্তান, মূল্যবৃদ্ধি চরমে, গমের জন্য মারামারি, কাড়াকাড়ি বাজারগুলিতে