
শেষ আপডেট: 22 November 2023 20:03
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে আগামীদিনে আইটি হাবের ছোঁয়া পাবে উত্তরবঙ্গও। বুধবার সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের একটা নতুন দার্জিলিং তৈরি করতেই হবে। আমি আইটি ইন্ডাস্ট্রিকে বলব দার্জিলিং, কার্শিয়ং কালিম্পং, মিরিকে আইটি ইন্ডাস্ট্রি তৈরি করুন।”
শুধু আইটি হাব নয়, উত্তরবঙ্গ জুড়ে রয়েছে একাধিক পর্যটনকেন্দ্র। রয়েছে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা। আছে গভীর অরণ্য। বিপুল পরিমাণ এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও সম্প্রসারিত করতে চায় রাজ্য। দু’দিনের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলাদের কথায় বারে বারে পর্যটন শিল্পের সম্প্রসারণের কথা উঠে এসেছে।
ওয়াকবহাল মহলের মতে, উত্তরবঙ্গের অর্থনীতির উন্নতি ঘটাতে গেলে পর্যটন শিল্পের সম্প্রসারণ প্রয়োজন। ইতিমধ্যে এ বিষয়ে একাধিক উদ্যোগও নিয়েছে রাজ্য। আগামীদিনে উত্তরবঙ্গের মানুষের আর্থ সামাজিক আরও পরিবর্তন ঘটাতে তাই পর্যটন শিল্পের ওপর জোর দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই গভীর অরণ্যে স্থানীয় মানুষের সহযোগিতায় একাধিক হোম স্টে চালু হয়েছে। আরও বেশি সংখ্যক পর্যটক এলে এলাকার মানুষের রোজগারও বাড়বে। সেদিকে লক্ষ্য রেখেই আগামীদিনে সরকারি সহায়তায় আরও একাধিক হোম স্টে চালুর কথাও এদিনের শিল্প সম্মেলন থেকে শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।