
শেষ আপডেট: 23 April 2023 06:37
দ্য ওয়াল ব্যুরো: তিলজলা, গাজোলের পর এবার কালিয়াগঞ্জেও (Kaliagunj) দেখা গেল জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা (WBCPCR) কমিশনের মধ্যে সংঘাতের ছবি। কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াগঞ্জ শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার সকাল থেকেই আগামী ৭ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। তার মধ্যেই দেখা গেল জাতীয় ও রাজ্য দুই কমিশনের বিবাদের চিত্র। রবিবার সকাল পৌনে ন'টা নাগাদ কালিয়াগঞ্জে পৌঁছয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সেই দল যখন মৃতার পরিবারের সঙ্গে কথা বলছিল, তখনই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে একের পর এক টুইট আছড়ে পড়ে। টুইটে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের ভূমিকা ও প্রিয়ঙ্ককে নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দেয় রাজ্য কমিশন।
একাধিক টুইটে প্রশ্ন তোলা হয়, ১৪৪ ধারা লঙ্ঘন করে কীভাবে জাতীয় সুরক্ষা কমিশনের দল কালিয়াগঞ্জে যেতে পারে? শুধু তাই নয়, প্রিয়ঙ্কর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও এনেছে রাজ্য কমিশন।
এদিকে ২ ঘণ্টার বেশি সময় ধরে কালিয়াগঞ্জের মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রিয়ঙ্করা। বাড়ি থেকে বেরিয়ে কমিশনের চেয়ারম্যান জানান, মৃতার পরিবার রাজ্য পুলিশের কাজে সন্তুষ্ট নয়, তাঁরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল কালিয়াগঞ্জে যায়। তারাও কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন। আর শনিবারই রাজ্যে আসে জাতীয় কমিশনের দল। পর্যবেক্ষকদের একাংশ ভেবেই নিয়েছিল, ফের সম্মুখ সমরে যেতে পারে দুই কমিশন। তিলজলা ও মালদহের গাজোলে যে ছবি দেখা গিয়েছিল তেমন ঘটনাই ঘটবে কালিয়াগঞ্জে।
তবে শনিবার জাতীয় কমিশন কালিয়াগঞ্জে না যাওয়ায় সম্মুখ সমর এড়ানো যায়। কিন্তু রবিবার সকালে জাতীয় কমিশনের দল কালিয়াগঞ্জে পৌঁছতেই শুরু হয়ে গেল রাজ্য কমিশনের টুইট বর্ষণ।