
শেষ আপডেট: 6 September 2023 04:43
দ্য ওয়াল ব্যুরো: আষাঢ়-শ্রাবণ একপ্রকার বৃষ্টি বঞ্চিতই ছিল দক্ষিণবঙ্গ। কিন্তু ভাদ্রমাসে যেন সেই খামতি পুষিয়ে দিচ্ছে মৌসুমী বায়ু আর নিম্নচাপ অক্ষরেখার জুটি। এই দুইয়ের যুগলবন্দি আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই গত কয়েকদিন নাগাড়ে বৃষ্টি চলছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই। তার মধ্যেই হাওয়া অফিস জানাল, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে সেই সঙ্গে হাওয়া বদলের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা (WB weather update)।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বাড়বে বজ্রপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্ৰভাবে উপকূল এবং ওড়িশা লাগোয়া জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমবে (rain prediction)।
কলকাতায় দুদিনের বৃষ্টিতেই জায়গায় জায়গায় জল জমে গিয়েছিল। গত মঙ্গলবার জলমগ্ন পাতিপুকুর আন্ডারপাসে ঢুকে পড়ে জমা জলে একেবারে তলিয়ে গিয়েছিল একটি গাড়ি। সেটির যাত্রীরা কোনও মতে বেরিয়ে আসতে পারলেও গাড়িটি ডুবে যায়। পরে ক্রেন নিয়ে এসে সেটিকে তোলা হয়। আলিপুর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী দুদিন মূলত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। তবে শনি এবং রবিবার ফের তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরে শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬-ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৪%।
আলিয়ার হস্টেলে অসুস্থ ছাত্র, খবর পেয়েও চিকিৎসার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ, বিক্ষোভ পড়ুয়াদের