
শেষ আপডেট: 8 July 2023 09:44
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023) শুরু হতে জেলায় জেলায় বেপরোয়া সন্ত্রাসের ছবি। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে অন্তত পাঁচ জনের নিহত হওয়ার খবর মিলেছে। ভোট-হিংসার ছবি জেলায় জেলায়। ভোট শুরু হতেই ডায়মন্ড হারবারে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ডায়মন্ড হারবার ১ ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭১ ও ১৭২ নম্বর বুথে সিপিএম এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিকে সিপিএম ও তৃণমূল সংঘর্ষে অশান্তি ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী ব্লকে। সেখানেও ১৬ জনের আহত হওয়ার খবর মিলেছে।
ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে নুরপুর গ্রাম পঞ্চায়েতের খোলাখালি ৪৪,৪৫ নম্বর বুথেও ছাপ্পা মারার অভিযোগ উঠেছে। জানা গেছে, কুল্পী হটুগঞ্জ হাইস্কুলের গেটে তালা লাগিয়ে বুথ দখল করেছে দুষ্কৃতীরা। ডায়মন্ড হারবারের একাধিক বুথ থেকে অশান্তির খবর আসছে। এই সংক্রান্ত কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিএম (PANCHAYAT ELECTION 2023) এজেন্টদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

এদিকে বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের আমশোল বুথে ভোটের (PANCHAYAT ELECTION 2023) লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিবাদের জেরে তৃণমূল ও সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষে গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষের দুই পক্ষেরই অন্তত ১৬ জন জখম হয়েছেন বলে খবর। আহতদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'পক্ষেরই দাবি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে তাঁদের বের করে দেওয়ার চেষ্টা করে অপরপক্ষ।
পঞ্চায়েতে ভোট পড়ছে কম? দুপুর ১ টা পর্যন্ত ভোট শতাংশ একুশের নির্বাচনের তুলনায় পিছিয়ে
সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির অভিযোগ, বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মারধর করা হচ্ছে। ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বুথ চত্ত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।