
শেষ আপডেট: 11 July 2023 08:50
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ির গ্রামেই ধরাশায়ী হল তৃণমূল (TMC Lost)। রামপুরহাট (Rampurhat Village) ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ৩টি আসনের মধ্যে ২টি আসনেই জিতে গেছে বিজেপি। একটিতে তৃণমূল!
কুসুম্বা গ্রাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির গ্রাম নামেই পরিচিত। এই গ্রামের মুখোপাধ্যায় পরিবারের নাম লোকের মুখে মুখে ঘোরে।মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বারবার তাঁকে বলতে শোনা গেছে, মামারবাড়ির গল্পের কথা।
সেই মামার বাড়ির গ্রামের ৩১ ও ৩২ নম্বর বুথে বিজেপির কাছে হেরে গেলেন তৃণমূল প্রার্থীরা। এই ৩১ নম্বর বুথেই ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়। সেই বুথে বিজেপি প্রার্থী অর্চনা হাজরা হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী সাথী লেটকে।
অন্যদিকে, ৩২ নম্বর বুথে ঘাসফুল শিবিরের প্রার্থী গৌতম লেটকে হারিয়ে দিল বিজেপির গঙ্গাধর হাজরা। এই দুই আসনে বিজেপি জিতলেও অন্য এক আসনে তৃণমূল জিতেছে। সেই আসনে তৃণমূলের প্রার্থী ছিল ছিলেন আদিত্য দত্ত।
২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কুসুম্বা গ্রামে ভাল ফল করতে পারেনি তৃণমূল। লোকসভা ভোটে বীরভূমের সিট থেকে তৃণমূলের শতাব্দী রায় জিতলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম থেকে জিতেছিল বিজেপিই। বিধানসভা নির্বাচনেও একই ফল হয়েছিল।
ভোটের দিন বোমায় প্রাণ গেছে তৃণমূল কর্মী আনিসুরের, বাসন্তীর ফুলমালঞ্চতে জিতে গেলেন বৌদি