
শেষ আপডেট: 10 July 2023 05:50
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ঘোষণার পর থেকেই অশান্তির হটস্পট হয়ে উঠেছিল কোচবিহার। জেলার একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। গুলি, বোমাবাজি, খুন, ছাপ্পা ভোট, ব্যালট বাক্স ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে শনিবার নির্বাচনের দিন। বাদ যায়নি কোচবিহারও। অশান্তির আঁচ পড়েছিল বুথে বুথে। সেই কারণেই কোচবিহারের ৫৩টি বুথে সোমবার পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু ঠিক তার আগেই ওই জেলার ঘুঘুমারিতে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে হুমকি পোস্টার পড়ল।
ঘুঘুমারির ১৫৬ নম্বর বুথ বসেরহাট এলাকার পঞ্চায়েত প্রার্থী রেশমি দে ভৌমিক। তিনি এবার পঞ্চায়েতে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। সেই প্রার্থীর বাড়ির সামনেই হুমকি পোস্টার পড়ল।
রবিবার রাতে কেউ বা কারা রেশমি ভৌমিকের বাড়ির সামনে লালকালিতে লেখা পোস্টার পড়েছে। তাতে লেখা, 'গেলে গলা কাটা হবে'। রেশমির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, নতুন মুখ সাকেত-শমিরুল-প্রকাশ