
শেষ আপডেট: 8 July 2023 09:36
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সুবিধার কথা মাথায় রেখেই মহিলা পরিচালিত বুথের (WB Panchayat Election) ব্যবস্থা করা হয়েছিল। সেখানেও দেখা গেল নৈরাজ্যের ছবি। ভোট (PANCHAYAT ELECTION 2023) শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু বেলা গড়াতেই দুষ্কৃতী তাণ্ডবে ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে গেলেন বুথের কর্মীরা। অভিযোগ, লাঠিসোটা নিয়ে এসে হুমকি দিয়ে সব ব্যালট বাক্স লুঠ করা হয়েছে।
ময়ূরেশ্বর (Birbhum) পঞ্চায়েতের রাজচন্দ্রপুর গ্রামের ১৪৭ নং বুথে ব্যালট বাক্স লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, সকাল ৭টায় ভোটগ্রহণ (PANCHAYAT ELECTION 2023) শান্তিপূর্ণভাবেই হয়েছিল। কিন্তু বেলা গড়াতে অশান্তির পরিবেশ তৈরি হল। মহিলা প্রিসাইডিং অফিসারের অভিযোগ, ভোট শেষের দিকে ছিল। সেই সময় অনেক লোকজন ঢুকো পড়ে বুথে। তাদের মুখ বাঁধা ছিল, হাতে ছিল লাঠি। হুমকি দিয়ে তারা সব ব্যালট বাক্স তুলে নিয়ে চলে যায় বলে দাবি।
প্রিসাইডিং অফিসার বলছেন, বুথের ভেতরে নেটওয়ার্ক কাজ করছিল না। তাই তড়িঘড়ি পুলিশকে জানানো যায়নি। কেন্দ্রীয় বাহিনীও ছিল না। বিডিওকে সবটা জানানো হয়েছে বলে জানান তিনি।
ওই ভোটকেন্দ্রের বাকি ভোটকর্মীদেরও অভিযোগ, যারা বুথে ঢুকেছিল তারা প্রচণ্ড আক্রমণাত্মক ছিল। বাধা দিতে কেউ সাহস পায়নি। হাতে লাঠিসোটা নিয়ে মারমুখী হয়ে এসেছিল তারা। অবাধে লুঠপাট চালিয়ে বেরিয়ে যায়।
"আমার চোখের সামনে সব ব্যালট বাক্স লুঠ হয়ে গেল। কেউ কিছু করতে পারলাম না। চাকরি আগে না প্রাণ আগে। এখানে আর এক মুহূর্তও থাকব না," টেবিলে বসে দু'হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছেন প্রিসাইডিং অফিসার। নতুন করে ভোট শুরু হলেও আর সেই ভোটপ্রক্রিয়ায় তিনি অংশ নেবেন না বলেই জানিয়েছেন।
ব্যালট বাক্স নিয়ে সে কী দৌড় ভোটকর্মীর! কোচবিহারের 'টিএমসি প্রশিক্ষিত অ্যাথলিট'-এর ভিডিও ভাইরাল