
শেষ আপডেট: 26 April 2022 14:28
দ্য ওয়াল ব্যুরো: চলতি তাপপ্রবাহ (Heat wave) আরও বেশ কিছুদিন চলবে রাজ্যে। এই পরিস্থিতিতে পানীয় জলের সংকটের (Water Shortage) আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না রাজ্য প্রশাসন।
মঙ্গলবার রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর তাদের জেলা অফিসগুলিকে জানিয়েছে, যেরকম তাপপ্রবাহ চলছে তাতে আগামী দিনে জল সংকট হতে পারে। সুতরাং তেমন সংকটের আশঙ্কা ধরে নিয়ে আগাম ব্যবস্থা নিতে বলেছে নবান্ন। যাতে সঙ্কটাপন্ন এলাকায় প্রয়োজনে দ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া যায়।
ওই দফতর মূলত গ্রামীণ এলাকায় জল সরবরাহ করে থাকে। এছাড়া কিছু ছোট ও মাঝারি শহরেও তারা জল সরবরাহ করে। এদিনই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের কিছু এলাকায় গাড়ি করে বাড়তি জল পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখনও বড় ধরনের জল সংকটের খবর নেই।
জনস্বাস্থ্য কারিগরি দফতর বলেছে, অতীতে তাপপ্রবাহের সময় যে সব এলাকায় পানীয় জলের সমস্যা হয়েছে সেই এলাকাগুলি এখনই বাছাই করে খোঁজখবর নিতে হবে যে সেখানে বর্তমান পরিস্থিতি কেমন। সেখানে অবস্থার অবনতি হওয়া মাত্র জলের ব্যবস্থা করতে হবে।
বাড়তি সময় জল সরবরাহ এবং প্রয়োজনে জল দেওয়ার সময় পরিবর্তনের কথাও বলা হয়েছে। বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে স্কুল, হাসপাতাল, অঙ্গনওয়ারি কেন্দ্র ইত্যাদির দিকে। তা ছাড়া মজুত রাখতে বলা হয়েছে পর্যাপ্ত সংখ্যায় জলের পাউচ।
উল্লেখ্য, দিন পনেরো আগে আসানসোলে প্রবল জল সঙ্কট দেখা গিয়েছিল। জলের অভাব এতটাই ছিল যে, বরাহনগর থেকে ট্যাঙ্কারে করে পানীয় জল পাঠাতে হয়েছিল। তখনও তাপপ্রবাহের এমন পরিস্থিতি তৈরি হয়নি। সেই সময়ই জল সঙ্কট দেখা গিয়েছিল রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে। তাই এই তাপপ্রবাহের পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চাইছে না নবান্ন।
তাপপ্রবাহের জেরে ক্ষতি হতে পারে ফসলের! কী কী পরামর্শ দিচ্ছে কৃষি দফতর