
শেষ আপডেট: 8 January 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সেবকের কালিঝোরা থেকে আচমকাই প্রচুর পরিমাণ জল ছাড়ল তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। তাতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নদীতে। ফলে বন্যা সতর্কতা জারি করেছে ব্যারেজ কর্তৃপক্ষ। জানা গেছে তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৪০০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
কিন্তু আচমকা এমন জল ছাড়া হল কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে, ৪ অক্টোবর ২০২৩ সিকিমে প্রবল বৃষ্টিপাতের কারণে বিধ্বংসী বন্যা হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় সিকিমের বিস্তীর্ণ এলাকা। প্রভাব পড়ে জলপাইগুড়ি জেলাতেও। সেই বন্যায় ভারতীয় সেনাবাহিনী একটি ছাউনিও ভেসে যায়। সঙ্গে সেখানে মজুত রাখা বহু অস্ত্রশস্ত্র নদীতে ভেসে গিয়েছিল। মাঝে কয়েকটি মর্টারের সন্ধান মেলে। তবে এখনও ভেসে যাওয়া বহু অস্ত্র উদ্ধার করা যায়নি। আর সেই সমস্ত অস্ত্রের খোঁজেই নাকি কালিঝোরা বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী জানিয়েছেন, তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য আমরা নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করেছি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন।