দ্য ওয়াল ব্যুরো : ভাই, আমি যেমন দেব, সেরকম নেব। আমি শুধু হাতে কিছু দেব না, আমাকেও দিতে হবে। বীরভূমের দুবরাজপুরে বুথভিত্তিক কর্মী সম্মেলনে এসে এমনই বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার ওই সম্মেলন করে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহ, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। অন্যান্য জনসভার মতো এদিনও অনুব্রতবাবু প্রত্যেক অঞ্চল সভাপতিকে মঞ্চে তোলেন। তাঁদের সমস্যার কথা শোনেন। সেই সঙ্গে প্রশ্ন করেন, আগামী লোকসভা ভোটে তাঁদের এলাকায় কত ভোটে এগিয়ে থাকবে শাসক দল?
অনুব্রতবাবুর প্রশ্নের উত্তরে অঞ্চল সভাপতিরা তাঁদের অভাব-অনুযোগের কথা বলেন। বুথস্তরের কর্মীরাও তাঁর কাছে নানা আর্জি জানান। কেউ বলেন, রাস্তা করে দিতে হবে, কেউ বলেন ব্রিজ করে দিতে হবে। অনুব্রতবাবু কর্মীদের উদ্দেশে পাল্টা বলেন, আমি যেমন দেব সেরকম নেব। শুধু হাতে কিছু দেব না,আমাকেও দিতে হবে। জেলা সভাপতির এই কথা শুনে কর্মী সমর্থকেরা বলেন, আমরাও লিড দেব।
এক অঞ্চল সভাপতি তাঁর এলাকায় রাস্তা বানিয়ে দেবার জন্য বললে অনুব্রতবাবু তাঁকে স্পষ্ট বলেন, আগামী লোকসভা ভোটে ভালোভাবে লিড দিতে পারলে একটাও রাস্তা কাঁচা থাকবে না। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, আমরা এত উন্নয়ন করেছি, ভোট চাইবার অধিকার আমার আছে। শুধু দিয়েই যাব? ভোট চাইব না?