বিশ্বভারতীতে হামলা: গ্রেফতার দুই অভিযুক্ত
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীতে হামলার ঘটনায় গ্রেফতার করা হল দুই অভিযুক্ত অচিন্ত বাগদী ও সাবির আলি খানকে। বোলপুর পুলিশ জানিয়েছে, দু’জনকেই আদালতে তোলা হয়। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলেও বিচারক ১০ দিন পুলিশি হেফাজতের নির
শেষ আপডেট: 16 January 2020 08:44
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীতে হামলার ঘটনায় গ্রেফতার করা হল দুই অভিযুক্ত অচিন্ত বাগদী ও সাবির আলি খানকে। বোলপুর পুলিশ জানিয়েছে, দু’জনকেই আদালতে তোলা হয়। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলেও বিচারক ১০ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এনারসি সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছিল বিশ্বভারতীর ক্যাম্পাসে। তার মধ্যে গতকাল রাতে আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। সকলের হাতে লাঠি, রড, উইকেট। অতর্কিতে মারধর করতে শুরু করে ছাত্রদের। সংঘর্ষে আহত হন অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায় এবং ফাল্গুনী পান নামে দুই ছাত্র। তাঁরা দু’জনেই এসএফআই করেন।
চলতি মাসের পাঁচ তারিখে অনেকটা এই ধাঁচেই আক্রমণ নেমে এসেছিল জেএনইউয়ের ছাত্রছাত্রীদের উপর। হস্টেলে ঢুকে নির্বিচারে মারধর করা হয়েছিল অধ্যাপিকা ও ছাত্রীদের। পরে জানা যায় এবিভিপির সদস্যরাই মুখে কাপড় বেঁধে, অস্ত্র হাতে নিয়ে ওই হামলা চালায়। ঠিক তেমনটাই হয় বিশ্বভারতীতেও। তবে এখানেই শেষ নয়। আহত অবস্থায় ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের পিয়ারসন হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে ঢুকে ফের একপ্রস্ত হামলা চলে।
ইতিমধ্যেই ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এসএফআই দাবি করেছে, হামলাকারীরা প্রত্যেকেই সঙ্ঘ পরিবারের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। কিন্তু একাধিক ছবি বলছে অন্য কথা। মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদী তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলেই অভিযোগ একাংশের পড়ুয়ার। যদিও অনেকে বলছেন, হামলাকারী অচিন্ত্য বাগদী, সাবির আলিরা আগে তৃণমূল করলেও এখন তারা প্রত্যেকেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। এই দু’জনই উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। বাম ছাত্রদের অভিযোগ, উপাচার্যের নির্দেশেই বুধবার রাতের হামলা চালানো হয়েছে।
উইকেট হাতে হামলা চালানোর ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে জনৈক অচিন্ত বাগদী উইকেট নিয়ে মারমুখী। তারপর বেশ কিছু ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে হাসি মুখে তৃণমূলের নেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছে অচিন্ত। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে অন্যতম অভিযুক্ত সাবির আলির সেলফিও হাতে ছড়িয়ে পড়েছে।