
শেষ আপডেট: 23 September 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি থেকে অপহৃত হওয়া বিশ্বভারতীর (Visva Bharati University) বিদেশি পড়ুয়াকে (foreign student) ওড়িশার তালসারির (Talsari) সি বিচ থেকে উদ্ধার করল পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলার যৌথ পুলিশ বাহিনী। শনিবার সকালে বাংলা-ওড়িশা সীমান্তে যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেফতার হয়েছে মোট আটজন। এরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।
অপহরণের তদন্তে নেমে শুক্রবার সন্ধেতেই তিনজনকে আটক করেছিল পুলিশ। যারা দুবরাজপুরের বাসিন্দা। তিনজনকে জেরা করে গোটা ঘটনাটি জানতে পারে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় বীরভূমের নানুরের আরও একজনকে। এরপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে সিসিটিভি ও ফোনকলের সূত্র ধরেই অপহৃত ছাত্র এবং অভিযুক্তদের খোঁজ পায় পুলিশ। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ওই বিদেশি ছাত্র তালসারিতে রয়েছে। সেই মতো পূর্ব মেদিনীপুরের পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখানে অভিযান চালানো হয়। ঘটনায় আন্তর্জাতিক চক্রের হদিশ মিলেছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, বিশ্বভারতীর এই বিদেশি পড়ুয়াকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। তাঁকে জেলায় ফিরিয়ে আনা হচ্ছে। একইসঙ্গে এই অপহরণের ঘটনার তদন্তে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, পান্না চা নামের মায়ানমারের ওই পড়ুয়া চুল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ, সেই কারবারে বিশাল অঙ্কের দেনার দায়েই তাঁকে বোলপুরের ওই ভাড়াবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
জানা গিয়েছে, মায়ানমারের বাসিন্দা ওই পড়ুয়া নিজের দেশ থেকে চুল নিয়ে চিনে রফতানি করত। আর সেই ব্যবসার কারণেই তাঁর আলাপ হয়েছিল দুবরাজপুরের তিন ব্যবসায়ীর সঙ্গে। বিশ্বভারতীতে সংস্কৃতে পিএইচডি করার পাশাপাশি ওই চুলের ব্যবসাও বেশ জমে উঠেছিল সেই পড়ুয়ার। অভিযোগ, ব্যবসার কারণেই ৬ কোটি টাকা তাঁদের থেকে ধার করেছিলেন পান্না চা নামের সেই ছাত্র। পুলিশ জানিয়েছে, সেই টাকা এখনও পুরোপুরি শোধ না করাতেই অপহরণ করা হয়েছে ওই ছাত্রকে।
বিশ্বভারতীর পড়ুয়া অপহরণে বড় তথ্য, দুবরাজপুর থেকে আটক ৩ চুল ব্যবসায়ী