
শেষ আপডেট: 4 June 2023 08:19
দ্য ওয়াল ব্যুরো: অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে একপ্রস্ত লড়াই তো হচ্ছেই। এবার মহিলা গবেষকের শ্লীলতাহানি ও তাঁকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আরও বিতর্কে জড়িয়েছে কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, পুলিশে অভিযোগ করার পরই অভিযুক্ত সেই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
সূত্রের খবর, ২০১৬ সালে গবেষণা শুরু করেছিলেন ওই ছাত্রী। তারপর থেকেই নাকি লাগাতার কুপ্রস্তাব দিত অভিযুক্ত অধ্যাপক। অভিযোগ, গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টাও করেন। সেই মহিলা গবেষক বলেন, এ বিষয়ে তিনি আগেই বিভাগীয় প্রধান-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটিও গড়েছিল। কিন্তু মাঝে এতবছর কেটে যাওয়ার পরেও কোনও পদক্ষেপ করেনি।
শেষ পর্যন্ত সম্প্রতি শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন ওই অভিযোগকারিণী। তারপরেই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৫৪ ডি, ৫০৬, ৫০৯, ৩৭৬, ৫১১, ৫০০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিশ্বভারতীতে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে যে, বিশ্বভারতীতে অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনও পদক্ষেপ করা হল না।
গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি! বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় গবেষক