দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারের বীরপাড়া মুজনাই চা বাগানের কাছে সোমবার সকালে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম নাজির হুসেন। পথ দুর্ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের নজরদারী না থাকায় দ্রুতগতিতে বড় বড় লরি, ট্যাঙ্কার চলে এই রাস্তায়। ফলে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। কিন্তু কোনও হেলদোল নেই পুলিশের। মাদারীহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার সঙ্গে বচসা বাধে তাদের। পুলিশের গাড়ি ভাঙচুর করে রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে অবরোধ তোলে। বেশ কয়েকটি গ্যাস ট্যাঙ্কারকে আটক করেছে মাদারীহাট থানার পুলিশ।