
শেষ আপডেট: 1 August 2023 11:40
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মালদহের পাকুরহাটে (Pakuahat) দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না করে নির্যাতিতাদেরই গ্রেফতারের ঘটনায় জেলা পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারপার্সন রেখা শর্মা। মঙ্গলবার মালদহের মথুরাপুরে নির্যাতিতা দুই মহিলার বাড়িতে যান মহিলা কমিশনের সদস্যরা। সেখানেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রেখাদেবীর অভিযোগ, নির্যাতিতাদের মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে যাব।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের কথায়, “দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং তারপরও পুলিশ যেভাবে তাদের গ্রেফতার করে হয়রানি করেছে তা লজ্জাজনক তো বটেই, অত্যন্ত দুর্ভাগ্যেরও। কী কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করল তাও এখন পুলিশ বলতে পারছে না।”
প্রশ্ন তুলেছেন, “রাজ্য সরকার মহিলা সুরক্ষার কথা বললেও কোথায় সেই সুরক্ষা?” খানিক থেমে জবাবও দিয়েছেন রেখাদেবী নিজেই, “পুলিশ এভাবে নির্যাতিতদের মুখ বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করেছে। ৬ দিন যেভাবে দুই মহিলাকে জেলে আটকে রাখা হয়েছিল, আমরা পুলিশের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।”
ওই ঘটনায় অভিযুক্তদের পরিবর্তে ‘নির্যাতিতা’ দুই মহিলাকেই গ্রেফতারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। পুলিশের ভূমিকায় আদালতে বিচারপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন সরকারি আইনজীবী। ঘটনার ছ’দিন পর জামিনে মুক্তি পান দুই নির্যাতিতা। জেলা পুলিশের দাবি, ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ কমীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
ঘটনার প্রতিবাদে সম্প্রতি রাজ্যে আসে জাতীয় মহিলা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার হাওড়ার পাঁচলায় নির্যাতিতা বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করেন। বন্দে ভারত ট্রেনে করে আজ সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা মালদায় এসে পৌঁছন। সার্কিট হাউস হয়ে তাঁরা যান নির্যাতিতাদের বাড়িতে। সেখানে উপস্থিত পুলিশ কর্তাদের তীব্র ভর্ৎসনাও করেন তাঁরা।
আরও পড়ুন: এনআইএ মামলায় যুক্ত হতে চেয়ে হাইকোর্টে আবেদন বিরোধী দলনেতার