
শেষ আপডেট: 15 May 2023 17:13
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Kazi Nazrul University Vice-Chancellor) পদ থেকে সাধন চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস। সেই মতো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইমেল করে উপাচার্যকে জানিয়ে দেন রাজভবনের মতামত। সোমবার রাজভবনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করলেন সাধন চক্রবর্তী।
সোমবার বিচারপতি কৌশিক চন্দর এজলাসে সাধনবাবুর পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর সিদ্ধান্ত অনৈতিক। তাই তাঁর মক্কেলকে (পড়ুন সাধন চক্রবর্তী) স্বপদে বসানোর আবেদন জানান শ্রীজীব। বিচারপতি চন্দ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে ৩ মাস সাধন চক্রবর্তীকে নিযুক্ত করেন রাজ্যপাল। কিন্তু সাধনবাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলেজ চত্বরে বেআইনিভাবে গাছ কেটে বিক্রি, ফি জমা দিয়ে ল্যাবরেটরির ব্যবহার করতে না দেওয়া এমনকী কলেজের টাকায় নিজের ব্যবহারের জন্য বাড়ি কেনার অভিযোগ উঠেছিল সাধনবাবুর বিরুদ্ধে। তাই প্রতিবাদ জানিয়ে উপাচার্যকে সারানোর দাবি জানিয়ে আন্দোলন চলছিল বিশ্ববিদ্যালয়ে।
সাধনবাবুর অপসারণের দাবিতে পড়ুয়া, অধ্যাপক, অস্থায়ী কর্মীদের একাংশ বিক্ষোভও দেখান। তাঁর বিরুদ্ধে আচার্য তথা রাজ্যপালের কাছে জমা পড়েছিল ভুরিভুরি অভিযোগও। গোটা ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছিল। সেইসব অভিযোগ সামনে আসার পরই আচার্য হিসেবে সাধন চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যপাল।
এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হলেন সাধন চক্রবর্তী। এদিকে, তাঁর অপসারণের সিদ্ধান্তের পরই খুশির মেজাজ বিশ্ববিদ্যালয় চত্বরে। চলছে মিষ্টি বিতরণ। আনন্দে সামিল হয়েছেন পড়ুয়া থেকে অধ্যাপকেরা।
আচমকাই কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরিয়ে দিলেন রাজ্যপাল!