
শেষ আপডেট: 13 April 2023 05:44
দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত নিয়ে হইচইয়ের সীমা নেই। কেন্দ্রীয় সরকার নতুন রুটে বন্দে ভারতের উদ্বোধন করছেন তো কখনও বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটছে। তবে এখনও পর্যন্ত দেশের ১৩টি রুটে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস চালু হয়েছে। সূত্রের খবর, মোদীর সাধের এই সেমি হাই স্পিড ইঞ্জিনবিহীন ট্রেন এবার তৈরি হবে হুগলির উত্তরপাড়ায় (Uttarpara)।
বন্দে ভারত তৈরির বরাত পেয়েছে যৌথভাবে 'টিটাগড় ওয়াগনস লিমিটেড' এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা 'ভারত হেভি ইলেক্টিকালস লিমিটেড'(BHEL)। 'স্লিপার-ক্লাস' বন্দে ভারত এক্সপ্রেস তৈরির (manufacturing) জন্য ১০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। পাশাপাশি এই ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য আরও ১৪ হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে। মোট ৩৫ বছরের জন্য এই দায়িত্ব পেয়েছে টিটাগড় ওয়াগনস লিমিটেড।
সুতরাং উত্তরপাড়ায় কারখানায় তৈরি হতে চলেছে 'স্লিপার-ক্লাস' বন্দে ভারত এক্সপ্রেস। জানা গেছে, আগামী ছয় বছরে মোট ৮০টি বন্দে ভারত এক্সপ্রেসের বেশিরভাগ অংশ তৈরি করা হবে এখানে। ধাপে-ধাপে রেলের হাতে ‘সেমি হাইস্পিড’ ট্রেনগুলি তুলে দেবে টিটাগড় ওয়াগনস লিমিটেড। আগামী ২ বছরের মধ্যে কমপক্ষে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস রেলের হাতে তুলে দিতে হবে।
সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেসের পুরোটা উত্তরপাড়ায় তৈরি হবে না। ট্রেনের যে মূল অংশগুলি আছে, কেবল সেগুলোই উত্তরপাড়ায় কারখানায় তৈরি করা হবে। বাকি ইলেকট্রনিকসের অংশগুলো বেঙ্গালুরুর বিএইচইএল কারখানায় তৈরি হবে।
নীতীশের ঐক্য সফরের মধ্যেই বিহারের শরিক নেতা অমিত দরবারে ছুটলেন কেন