দুয়ারে সরকার ক্যাম্পে ভ্যাকসিনের আয়োজন, ধূপগুড়িতে পদপিষ্ট অনেকে
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে সরকার (duyaresarkar) ক্যাম্পের মধ্যে ভ্যাকসিন (vaccine) দেওয়ার বন্দোবস্ত হয়েছিল। তা যে এমন বিপত্তি ডেকে আনবে কে জানত। জলপাইগুড়ির ধূপগুড়িতে এই করতে গিয়েই মঙ্গলবার পদপিষ্ট হলেন অনেকে।
সকাল থেকে ভ্যাকসিন নিতে ক্যাম্প
শেষ আপডেট: 31 August 2021 12:09
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে সরকার (duyaresarkar) ক্যাম্পের মধ্যে ভ্যাকসিন (vaccine) দেওয়ার বন্দোবস্ত হয়েছিল। তা যে এমন বিপত্তি ডেকে আনবে কে জানত। জলপাইগুড়ির ধূপগুড়িতে এই করতে গিয়েই মঙ্গলবার পদপিষ্ট হলেন অনেকে।
সকাল থেকে ভ্যাকসিন নিতে ক্যাম্প বাইরে থিক থিক করছিল ভিড়। ক্যাম্পের গেট খুলতেই ভ্যাকসিন ক্যাম্পে ঝাঁপিয়ে পড়লেন স্থানীয়রা। তাতেই ঘটে গেল বিপত্তি। পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন ৩০-৪০ জন।
আরও পড়ুনঃ তেলঙ্গানায় স্কুল ফের খোলার সিদ্ধান্তে স্থগিতাদেশ, ক্লাসে বসে পড়াশোনা বাধ্যতামূলক নয়, জানাল হাইকোর্ট
শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দূরামারী এলাকায় চলছিল দুয়ারে সরকার ক্যাম্প। এদিন ওই ক্যাম্পেই ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই গেটের সমানে ছিল ঠাসাঠাসি ভিড়। বেলা বাড়তেই প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ভিড় সামলাতে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা ক্যাম্পের একটি ছোট গেট খুলে দেন। এর পর বড় গেটে এসে পড়ে ভিড়ের চাপ। মুহূর্তের মধ্যে গেটের লক ভেঙে যায়। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগে-ভাগে ভ্যাকসিন নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন অনেকে। তাতে গেটের সমানেই একে অন্যের গায়ে হুমড়ি খেয়ে পড়ে যান ভ্যাকসিন প্রার্থীরা। পিছনে থেকে ভিড়ের ঠেলায় অনেকে পদপিষ্ট হন।
ঘটনার খবর পেতেই জলপাইগুড়ি থেকে রওনা দেয় মেডিক্যাল টিম। পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এমন কাণ্ডের পরও টিকাকরণ বন্ধ হয়নি। বহু মানুষকে এদিন ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ওই ক্যাম্পে।
এই ঘটনার পরেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার সন্ধেবেলা সমস্ত জেলার জেলাশাসককে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় বাড়ছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পৃথক করে বুথে বুথে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তবে কী ভাবে জলপাইগুড়িতে দুয়ারে সরকার ক্যাম্পে টিকাকরণ চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'